মাদ্রাসার লাইব্রেরিতে আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী; আইসিইউতে ৪

- সংবাদ প্রকাশের সময় : ১০:১১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ২০ বার পড়া হয়েছে
গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে, তখন মাদ্রাসার দ্বিতীয় তলার লাইব্রেরি ও অফিস কক্ষে আগুন লাগে। মুহূর্তে ছড়িয়ে পড়ে ধোঁয়া। এতে অসুস্থ হয়ে পড়ে অর্ধশতাধিক শিক্ষার্থী। তাদের মধ্যে গুরুতর অবস্থায় চারজনকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। একজনকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের সহায়তা দিতে হচ্ছে।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড শান্তিধারা এলাকার জামিয়াতুল আশরাফিয়া মাদ্রাসায় এ অগ্নিকাণ্ড ঘটে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন (জরুরি বিভাগ) ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, আগুনের ধোঁয়ায় আক্রান্ত ৬৩ জন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে গুরুতর অবস্থায় চারজনকে আইসিইউতে নেওয়া হয়েছে। একজনকে মেকানিক্যাল ভেন্টিলেটরের মাধ্যমে শ্বাস-প্রশ্বাসের সহায়তা দেওয়া হচ্ছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে ফতুল্লার শিবু মার্কেট ও কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে কাঁচপুরের তিনটি এবং শিবু মার্কেটের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। রাত ৩টা ৪০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত লাইব্রেরি ও অফিস কক্ষে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১৫ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
মাদ্রাসার শিক্ষক আজিজুর রহমান জানান, রাতে শিক্ষার্থীরা ঘুমিয়ে ছিলেন। এ সময় লাইব্রেরিতে আগুন লাগে। পরে আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েন।
অগ্নিকাণ্ডের পর অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।





















