বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের সময়সূচি ঘোষণা

- সংবাদ প্রকাশের সময় : ১০:১৩:৩১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ২০ বার পড়া হয়েছে
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের (রেজি. নং বি ৭৭) ২০২৬ ইং সালের নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র বাছাইয়ের সময়সূচি ঘোষণা করা হয়েছে।
আগামী ১০ ও ১১ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। একই সঙ্গে ১১ নভেম্বর বিকেল ৫টার মধ্যে প্যানেলভিত্তিক খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
সোমবার ( ৯ নভেম্বর) শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জিয়াউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শ্রীমঙ্গল উপজেলার চা বাগানসমূহের পঞ্চায়েত কমিটি (প্রাথমিক কার্যকরী পরিষদ), বালিশিরা ভ্যালি কার্যকরী পরিষদ এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদের (সভাপতি মণ্ডলী ও সম্পাদক মণ্ডলী) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম ১০ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং ১১ নভেম্বর বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থী, তাঁদের নির্বাচনী এজেন্ট, প্রস্তাবকারী, সমর্থনকারী কিংবা প্রত্যেক প্রার্থীর মনোনীত ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ব্যক্তি মনোনয়নপত্র বাছাই কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারবেন।
উল্লেখ্য, আগামী ২৯ নভেম্বর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ২০২৬ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
























