কপ৩১: জলবায়ু সম্মেলন থেকে এবার বাংলাদেশের চাওয়া কতটা পূরণ হবে?

- সংবাদ প্রকাশের সময় : ১১:৫১:১৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বাড়ছে, বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণও। অথচ ঝুঁকিপূর্ণ দেশগুলোর অভিযোজন, দুর্যোগ মোকাবিলা ও পুনর্বাসনের জন্য আন্তর্জাতিক অর্থায়নের প্রতিশ্রুতি থাকলেও প্রয়োজনের তুলনায় অর্থপ্রাপ্তি এখনো সীমিত। এই বাস্তবতায় তুরস্কের আনতালিয়ায় ৯ থেকে ২০ নভেম্বর অনুষ্ঠেয় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ অংশ নিচ্ছে বাংলাদেশ। এবারের সম্মেলনে দেশের প্রধান লক্ষ্য—জলবায়ু ঝুঁকিতে থাকা মানুষের সুরক্ষা, অভিযোজনের অর্থায়ন বৃদ্ধি এবং ক্ষয়ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে অনুদান ও প্রযুক্তি সহায়তা নিশ্চিত করা।
সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নেবেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু সচিবালয়ে এক ব্রিফিংয়ে জানিয়েছেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ মানুষের সুরক্ষা, জলবায়ু ন্যায়বিচার এবং জাতীয় পরিকল্পনা বাস্তবায়নে অর্থায়ন ও প্রযুক্তি সহায়তাকে অগ্রাধিকার দেবে বাংলাদেশ।
কিন্তু বাংলাদেশের প্রত্যাশা শুধু নতুন প্রতিশ্রুতি আদায়ে সীমাবদ্ধ নয়। আগের সম্মেলনগুলোতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন, তহবিলের অর্থপ্রাপ্তির জটিলতা কমানো এবং প্রতিশ্রুত অর্থের কার্যকারিতা নিশ্চিত করাও এবার আলোচনার গুরুত্বপূর্ণ অংশ।
অভিযোজন তহবিল তিন গুণ করার দাবি
কপ৩১-এ বাংলাদেশের অন্যতম প্রধান দাবি হবে জলবায়ু অভিযোজনের জন্য বরাদ্দ তহবিল তিন গুণ করা। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলার তহবিল বাড়ানো এবং বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি প্রাক্-শিল্পায়ন যুগের তুলনায় ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য ধরে রাখার পক্ষে অবস্থান নেবে বাংলাদেশ।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক (জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক কনভেনশন) মির্জা শওকত আলী জানিয়েছেন, অভিযোজনের পাশাপাশি মিটিগেশন ওয়ার্ক প্রোগ্রাম, গ্লোবাল গোল অন অ্যাডাপ্টেশনের নির্দেশক এবং সহনশীলতা অর্জনের জন্য প্রয়োজনীয় অর্থায়ন নিয়ে আলোচনা করবে বাংলাদেশ। ২০২৮ সালের গ্লোবাল স্টকটেক নিয়েও প্রস্তুতিমূলক আলোচনা গুরুত্ব পাবে।
এখানে অভিযোজন ও প্রশমন—দুটি বিষয় আলাদা হলেও পরস্পর সম্পর্কিত। প্রশমনের লক্ষ্য গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমিয়ে জলবায়ু পরিবর্তনের গতি নিয়ন্ত্রণ করা। অন্যদিকে অভিযোজনের উদ্দেশ্য হলো পরিবর্তিত জলবায়ুর সঙ্গে খাপ খাইয়ে নিয়ে মানুষের জীবন, জীবিকা, অবকাঠামো ও অর্থনীতিকে সুরক্ষিত রাখা।
বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশের জন্য অভিযোজনের গুরুত্ব বিশেষভাবে বেশি। উপকূলীয় এলাকায় লবণাক্ততা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও জলাবদ্ধতার প্রভাব মোকাবিলায় দীর্ঘমেয়াদি বিনিয়োগ প্রয়োজন। শুধু দুর্যোগের পর ত্রাণ বা পুনর্বাসন নয়, আগাম প্রস্তুতি, নিরাপদ পানি, কৃষির অভিযোজন এবং টেকসই অবকাঠামো গড়ে তোলার জন্যও অর্থ দরকার।
বছরে ১৫.২ বিলিয়ন ডলারের ক্ষতি, অর্থায়নে অনুদানের দাবি
জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ বছরে প্রায় ১৫ দশমিক ২ বিলিয়ন ডলার বলে জানিয়েছেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। এই ক্ষতির বিপরীতে অভিযোজন ও পুনর্বাসনের জন্য আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর পাশাপাশি ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক অর্থায়নের ওপর জোর দিচ্ছে সরকার।
মন্ত্রীর ভাষ্য, জলবায়ু অভিযোজন ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় এমন অর্থায়ন প্রয়োজন, যা দেশের ঋণের বোঝা বাড়াবে না। একই সঙ্গে আন্তর্জাতিক জলবায়ু তহবিলে আবেদন, অনুমোদন ও অর্থ ছাড়ের প্রক্রিয়া সহজ করার দাবি জানানো হবে।
গত ২৪ অক্টোবর এক অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও জলবায়ু অর্থায়নে আন্তর্জাতিক প্রতিশ্রুতি ও বাস্তব প্রাপ্তির ব্যবধানের কথা তুলে ধরেন। তিনি গ্রিন ক্লাইমেট ফান্ডের অর্থপ্রাপ্তি সহজ করা, লস অ্যান্ড ড্যামেজ ফান্ড কার্যকর করা, কৃষি ও পানির নিরাপত্তায় প্রযুক্তিগত সহায়তা এবং প্রকল্প গ্রহণে কারিগরি সহযোগিতার প্রয়োজনীয়তার কথা বলেন।
অর্থায়নের প্রশ্নে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো প্রতিশ্রুত অর্থ বাস্তবে ক্ষতিগ্রস্ত দেশ ও জনগোষ্ঠীর কাছে পৌঁছানো। তহবিল গঠন বা অর্থ বরাদ্দের ঘোষণা থাকলেও আবেদন, অনুমোদন, প্রকল্প প্রস্তুতি ও অর্থ ছাড়ের দীর্ঘ প্রক্রিয়ায় অনেক দেশ পিছিয়ে পড়ে। ফলে বাংলাদেশ এবার শুধু অর্থের পরিমাণ বাড়ানোর দাবি নয়, অর্থপ্রাপ্তির পদ্ধতি সহজ করার বিষয়টিও সামনে আনতে চায়।
জাতীয় অভিযোজন পরিকল্পনায় অর্থের ঘাটতি
বাংলাদেশ ২০২২ সালে জাতীয় অভিযোজন পরিকল্পনা (এনএপি) প্রণয়ন করেছে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা ও দীর্ঘমেয়াদি সহনশীলতা তৈরির লক্ষ্যে নেওয়া এ পরিকল্পনা বাস্তবায়নে এখনো প্রত্যাশিত আন্তর্জাতিক অর্থায়ন পায়নি বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক মির্জা শওকত আলী।
তাঁর মতে, ২৭টি স্বল্পোন্নত দেশের মধ্যে বাংলাদেশও জাতীয় অভিযোজন পরিকল্পনা জমা দিয়েছে। আন্তর্জাতিক সহায়তা না পাওয়ায় নিজস্ব অর্থায়নে পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করতে হয়েছে। তবে পরিকল্পনার পূর্ণাঙ্গ বাস্তবায়নে বড় অঙ্কের তহবিল প্রয়োজন।
এখানেই বাংলাদেশের দাবির একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। জাতীয় পরিকল্পনা তৈরি করলেই জলবায়ু ঝুঁকি কমে না; প্রয়োজন প্রকল্প বাস্তবায়নের অর্থ, প্রযুক্তি, দক্ষ জনবল ও দীর্ঘমেয়াদি তদারকি। বিশেষ করে উপকূলীয় এলাকার পানি ব্যবস্থাপনা, কৃষি উৎপাদন, দুর্যোগ-সহনশীল অবকাঠামো এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবিকা সুরক্ষায় ধারাবাহিক বিনিয়োগ জরুরি।
২০২৪ সালের কপ২৯ সম্মেলনে আজারবাইজানের বাকুতে গৃহীত নিউ কালেক্টিভ কোয়ান্টিফায়েড গোল (এনসিকিউজি) অনুযায়ী, ২০৩৫ সাল নাগাদ বছরে ৩০০ বিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ চাইছে, এই অর্থায়নের মধ্যে অভিযোজন ও সহনশীলতা তৈরির জন্য উল্লেখযোগ্য বরাদ্দ থাকুক এবং অভিযোজন তহবিল তিন গুণ বাড়ানোর দাবি বাস্তবায়িত হোক।
তবে অর্থায়নের মোট অঙ্কের পাশাপাশি কোন খাতে কত অর্থ যাচ্ছে, তা অনুদান নাকি ঋণ, কোন দেশ কতটা পাচ্ছে এবং প্রকৃত ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী কতটা উপকৃত হচ্ছে—এসব বিষয়ও গুরুত্বপূর্ণ। অর্থ বরাদ্দের ঘোষণা থাকলেও যদি তা প্রয়োজনীয় প্রকল্পে সময়মতো পৌঁছায় না, তাহলে ঝুঁকি কমানোর লক্ষ্য অর্জন কঠিন হবে।
আগের সম্মেলনের প্রতিশ্রুতি, বাস্তবায়নের প্রশ্ন
জলবায়ু সম্মেলনে বাংলাদেশের দাবিগুলোর অনেকগুলোই নতুন নয়। অভিযোজনের অর্থায়ন, ক্ষয়ক্ষতি তহবিল, প্রযুক্তি সহায়তা এবং কার্বন নিঃসরণ কমানোর প্রতিশ্রুতি—এসব বিষয় আগের সম্মেলনগুলোতেও আলোচনায় এসেছে। কিন্তু প্রতিশ্রুতি ও বাস্তব প্রাপ্তির মধ্যে ব্যবধান রয়ে গেছে।
গত বছর ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত কপ৩০ সম্মেলনেও বাংলাদেশ বড় কোনো সরাসরি আর্থিক প্রাপ্তি বা দৃশ্যমান সাফল্য নিশ্চিত করতে পারেনি। জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরির প্রশ্নেও তেল উৎপাদনকারী দেশগুলোর আপত্তির কারণে কার্যকর অগ্রগতি হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ অধ্যাপক ড. আইনুন নিশাতের মতে, কপ সম্মেলন একটি ধারাবাহিক আন্তর্জাতিক প্রক্রিয়া। ১৯৯০ সালে জলবায়ু পরিবর্তন বিষয়ে বৈজ্ঞানিক মূল্যায়নের জন্য আইপিসিসি গঠিত হয়। পরে ১৯৯২ সালে জলবায়ু পরিবর্তনবিষয়ক জাতিসংঘের কাঠামোগত সনদ প্রণীত হয়। ১৯৯৫ সাল থেকে নিয়মিত কপ সম্মেলনের মাধ্যমে দেশগুলো জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অগ্রগতি ও করণীয় নিয়ে আলোচনা করে আসছে।
আইনুন নিশাতের পর্যবেক্ষণ, রাজনৈতিক ও প্রক্রিয়াগত সিদ্ধান্ত নেওয়া হলেও বাস্তবায়নের ক্ষেত্রে ঘাটতি থেকে যায়। অর্থায়নের প্রতিশ্রুতি অনুযায়ী তহবিল বা প্রক্রিয়া তৈরি হওয়াই যথেষ্ট নয়; মনিটরিং ও মূল্যায়নের মাধ্যমে দেখতে হবে অর্থের বাস্তব কার্যকারিতা কতটা।
তাঁর বক্তব্যে আরও উঠে এসেছে, কপ সম্মেলনে কোনো একটি দেশের একক সমস্যা নিয়ে আলোচনা হয় না। বাংলাদেশকে নিজের স্বার্থ তুলে ধরার পাশাপাশি স্বল্পোন্নত দেশগুলোর জোট ও অন্যান্য ঝুঁকিপূর্ণ দেশের অবস্থানের সঙ্গে সমন্বয় করে দর-কষাকষি করতে হয়। সম্মেলনের মূল সিদ্ধান্তগুলো রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনার মাধ্যমে আসে; তাই সরকারের উচ্চপর্যায়ের অংশগ্রহণ ও দ্বিপক্ষীয় যোগাযোগ গুরুত্বপূর্ণ।
বৈশ্বিক রাজনীতি ও অর্থায়নের অনিশ্চয়তা
জলবায়ু অর্থায়ন ও নিঃসরণ কমানোর উদ্যোগ বাস্তবায়নে বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতিও বড় প্রভাব ফেলছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক একেএম সাইফুল ইসলাম মনে করেন, প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়া, বৈশ্বিক যুদ্ধবিগ্রহ এবং তেলসমৃদ্ধ দেশগুলোর অবস্থানের কারণে জলবায়ু অর্থায়ন ও নিঃসরণ হ্রাসের প্রক্রিয়া চ্যালেঞ্জের মুখে পড়েছে।
তাঁর মতে, কপ৩১-এ কয়েকটি বিষয় বিশেষ গুরুত্ব পেতে পারে। এর মধ্যে রয়েছে উপকূলীয় অভিযোজন ও জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নের অর্থায়ন, জলবায়ুজনিত ক্ষতি ও ক্ষতিপূরণে সরাসরি অনুদান ও প্রযুক্তি সহায়তা, ২০৩৫ সালের মধ্যে বছরে ৩০০ বিলিয়ন ডলার এবং দীর্ঘমেয়াদে ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন।
এ ছাড়া জাস্ট ট্রানজিশন বা ন্যায়সংগত জ্বালানি রূপান্তরও গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। জীবাশ্ম জ্বালানিনির্ভর অর্থনীতি থেকে পরিচ্ছন্ন জ্বালানিতে যাওয়ার প্রক্রিয়ায় যেসব জনগোষ্ঠীর জীবিকা ক্ষতিগ্রস্ত হতে পারে, তাদের বিকল্প কর্মসংস্থান, প্রশিক্ষণ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার বিষয়টি এর অন্তর্ভুক্ত।
কার্বন বাজার, প্যারিস চুক্তির ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের লক্ষ্য এবং অভিযোজনের বৈশ্বিক লক্ষ্য নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। এসব বিষয়ে অগ্রগতি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হলেও সিদ্ধান্তগুলো কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে দেশগুলোর রাজনৈতিক সদিচ্ছা ও অর্থায়নের বাস্তবায়নের ওপর।
আন্তর্জাতিক দর-কষাকষিতে জোটগত অবস্থান
কপ৩১-এ বাংলাদেশের অবস্থানপত্র তৈরি করা হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার মতামত এবং জলবায়ু বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ জানিয়েছেন, স্বল্পোন্নত দেশগুলোর জোট, জি-৭৭ এবং সমমনা জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর সঙ্গে সমন্বয় করে জাতীয় স্বার্থে কাজ করবে বাংলাদেশ প্রতিনিধিদল।
এ ধরনের জোটগত অবস্থান বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। কারণ বৈশ্বিক জলবায়ু আলোচনায় অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে শক্তিশালী দেশগুলোর প্রভাব রয়েছে। এককভাবে দাবি জানানোর পাশাপাশি একই ধরনের ঝুঁকিতে থাকা দেশগুলোর সঙ্গে অভিন্ন অবস্থান তৈরি করতে পারলে দর-কষাকষিতে বাংলাদেশের বক্তব্য আরও জোরালোভাবে উপস্থাপনের সুযোগ তৈরি হয়।
বাংলাদেশ প্যাভিলিয়নে কী থাকছে
সম্মেলনস্থলে ১০০ বর্গমিটার আয়তনের বাংলাদেশ প্যাভিলিয়ন তৈরি করা হচ্ছে। সেখানে দেশের জলবায়ু ঝুঁকি, অভিযোজনের অভিজ্ঞতা, জাতীয়ভাবে নির্ধারিত অবদান বা এনডিসি ৩.০, জাতীয় অভিযোজন পরিকল্পনা, জলবায়ু অর্থায়ন, ক্ষয়ক্ষতি, কার্বন বাজার, নবায়নযোগ্য জ্বালানি এবং স্থানীয় জনগোষ্ঠীর উদ্যোগ তুলে ধরা হবে।
এ ছাড়া থাকবে জুট প্যাভিলিয়ন। বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যের সম্ভাবনা এবং পরিবেশবান্ধব উপকরণ হিসেবে এর ব্যবহার তুলে ধরার সুযোগ তৈরি হবে সেখানে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্যাভিলিয়নটি শুধু দেশের অর্জন প্রদর্শনের জায়গা নয়; অভিজ্ঞতা বিনিময়, নীতিনির্ধারকদের সঙ্গে সংলাপ এবং আন্তর্জাতিক সহযোগিতা তৈরির ক্ষেত্র হিসেবেও ব্যবহার করা হবে। তবে এসব আয়োজনের কার্যকারিতা নির্ভর করবে সম্মেলনের বাইরে কতটা সহযোগিতা, বিনিয়োগ ও প্রযুক্তি অংশীদারত্ব তৈরি করা যায় তার ওপর।
প্রতিশ্রুতি থেকে বাস্তব প্রাপ্তিই বড় পরীক্ষা
জলবায়ু সম্মেলন ঘিরে বাংলাদেশের প্রত্যাশা এবারও বেশ বিস্তৃত। অভিযোজন তহবিল তিন গুণ করা, ক্ষয়ক্ষতি মোকাবিলায় অর্থ বাড়ানো, ঋণের পরিবর্তে অনুদান নিশ্চিত করা, জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা এবং প্রযুক্তি হস্তান্তর—সবই দেশের দীর্ঘমেয়াদি জলবায়ু নিরাপত্তার সঙ্গে যুক্ত।
তবে অতীতের অভিজ্ঞতা বলছে, আন্তর্জাতিক সম্মেলনে দাবি উত্থাপন ও প্রতিশ্রুতি আদায়ের পরও বাস্তবায়ন নিশ্চিত করা কঠিন। অর্থায়নের প্রতিশ্রুতি থাকলেও জটিল আবেদনপ্রক্রিয়া, প্রকল্প অনুমোদনে বিলম্ব, তহবিলের সীমাবদ্ধতা এবং অনুদানের বদলে ঋণনির্ভর সহায়তা ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য নতুন চাপ তৈরি করতে পারে।
বাংলাদেশের সামনে তাই দুটি সমান্তরাল কাজ রয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে অর্থায়ন ও প্রযুক্তি সহায়তার দাবি জোরালো করা এবং দেশের ভেতরে সেই সহায়তা কার্যকরভাবে কাজে লাগানোর মতো প্রকল্প, প্রতিষ্ঠান ও জবাবদিহির কাঠামো তৈরি করা। কোন এলাকায় কী ধরনের ঝুঁকি বেশি, কোন জনগোষ্ঠী সবচেয়ে ক্ষতিগ্রস্ত এবং কোন প্রকল্পে অর্থ ব্যয় করলে দীর্ঘমেয়াদি সুফল পাওয়া যাবে—এসব বিষয়েও সুস্পষ্ট পরিকল্পনা প্রয়োজন।
সব মিলিয়ে কপ৩১ বাংলাদেশের জন্য কেবল নতুন অর্থের প্রতিশ্রুতি পাওয়ার সম্মেলন নয়; বরং আগের প্রতিশ্রুতির বাস্তবায়ন, জলবায়ু ন্যায়বিচার এবং ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার প্রতিষ্ঠার দাবিকে সামনে আনার সুযোগ। এবারও যদি আলোচনা কেবল ঘোষণার মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে সম্মেলন শেষে প্রত্যাশা ও বাস্তবতার ব্যবধান থেকেই যাবে। বাংলাদেশের মূল পরীক্ষা হবে—আন্তর্জাতিক দর-কষাকষির মাধ্যমে কতটা অর্থ, প্রযুক্তি ও কার্যকর সহযোগিতা নিশ্চিত করা যায় এবং তা দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষের কাছে পৌঁছানো যায় কি না।
কপ৩১ সম্মেলনে যোগ দিবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ৩১-এ যোগ দিতে আজ মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন ।
১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত সরকারি এই সফরে তিনি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। সেখানে তিনি সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন।
সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।
আগামী ১১ ও ১২ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় এই সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখবেন।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তি।






















