১৭ বছরের শাসনে গণতন্ত্র ও ভোটাধিকার ক্ষুণ্ন হয়েছে: স্পিকার

- সংবাদ প্রকাশের সময় : ০৮:২৬:১৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
দীর্ঘ ১৭ বছরের আওয়ামী লীগ শাসনামলে অন্যায়, জুলুম, নিপীড়ন, ডামি নির্বাচন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তাঁর ভাষ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের অগ্রযাত্রা নতুন করে শুরু হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের সূচনা বক্তব্যে এসব কথা বলেন স্পিকার। বিকেল সাড়ে ৩টায় সংসদের বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন তিনি।
স্পিকার বলেন, জাতীয় সংসদ জনগণের সার্বভৌমত্ব, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও জনমতের সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক অভিব্যক্তি। বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম দীর্ঘদিনের। এ অধিকার আদায়ে দেশের মানুষ বারবার সাহস, ত্যাগ ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন।
বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ডামি নির্বাচন, অন্যায়, জুলুম, নিপীড়ন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার দেশে গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করেছিল। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার অংশগ্রহণের মধ্য দিয়ে গণতন্ত্রের অগ্রযাত্রা আবারও সূচিত হয়েছে। গণতন্ত্র ছাড়া কোনো দেশে প্রকৃত উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
সংসদের দায়িত্ব ও ভূমিকা তুলে ধরে স্পিকার বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সংসদকে কার্যকর ভূমিকা রাখতে হবে। জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংবিধানের মর্যাদা রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা, জবাবদিহি নিশ্চিত করা এবং নাগরিক অধিকার সুরক্ষা এ সংসদের অন্যতম প্রধান দায়িত্ব।
তিনি আরও বলেন, সংসদীয় গণতন্ত্রের ভিত্তি হচ্ছে আলোচনা, যুক্তি, পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্বশীল মতপ্রকাশ। এসব চর্চার মধ্য দিয়েই সংসদকে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হবে।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে স্পিকার বলেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। আত্মত্যাগ, সাহস ও দেশপ্রেমের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতার ইতিহাস জাতীয় পরিচয়ের ভিত্তি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস।
২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় উল্লেখ করে তিনি বলেন, ছাত্র-জনতার অংশগ্রহণে সংঘটিত এ অভ্যুত্থান মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যাশাকে নতুনভাবে সামনে এনেছে।
বক্তব্যের শেষ পর্যায়ে মহান আল্লাহর কাছে দেশের শান্তি, স্থিতিশীলতা, ন্যায়বিচার ও সমৃদ্ধি কামনা করেন স্পিকার। একই সঙ্গে সংসদ সদস্যরা যেন তাঁদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন, সে জন্য শক্তি ও প্রজ্ঞা প্রার্থনা করেন তিনি।






















