এনআইডি সংশোধনে একের পর এক কাগজের দাবি, আবেদন বাতিলের কারণও অজানা

- সংবাদ প্রকাশের সময় : ০৮:৩১:৩৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
সরকারি নথিতে তথ্য ঠিক থাকলেও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও জন্মনিবন্ধন সংশোধন করতে গিয়ে নাগরিকদের বাড়তি কাগজপত্রের জোগাড়ে ছুটতে হচ্ছে। কোথাও এসএসসি সনদ বা জন্মনিবন্ধন জমা দেওয়ার পরও চাওয়া হচ্ছে নোটারি পাবলিক ও এফিডেভিট। আবার অনলাইনে আবেদন বাতিল হলেও কেন বাতিল হলো, তা পরিষ্কারভাবে জানতে পারছেন না আবেদনকারীরা। এমন ভোগান্তির চিত্র উঠে এসেছে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে।
সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের কার্যক্রমে বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন একাধিক সংসদ সদস্য। তাঁদের অভিযোগ, সংশোধনের প্রক্রিয়ায় অপ্রয়োজনীয় জটিলতা তৈরি হওয়ায় সাধারণ মানুষকে বারবার নির্বাচন অফিসে যেতে হচ্ছে, দিতে হচ্ছে নতুন করে আবেদন ফি।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরিফা সুলতানা বলেন, এসএসসি সনদ, জন্মনিবন্ধন কিংবা সঠিক নাগরিক সনদের মতো সরকারি নথি দেওয়ার পরও স্থানীয় নির্বাচন অফিসগুলোতে অতিরিক্ত কাগজপত্র চাওয়া হয়। অনেক ক্ষেত্রে নোটারি পাবলিক ও এফিডেভিট জমা দিতে বলা হচ্ছে। এতে নাগরিকদের ভোগান্তি বাড়ছে।
এ ধরনের হয়রানি বন্ধে কোন ক্ষেত্রে কী কী নথি প্রয়োজন, সে বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়ার দাবি জানান তিনি।
অনলাইন আবেদন বাতিলের প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব নিয়েও প্রশ্ন তোলেন এই সংসদ সদস্য। তাঁর ভাষ্য, আবেদন বাতিলের পর সিস্টেমে নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয় না। কোন কাগজের ঘাটতি রয়েছে, সেটিও আবেদনকারী বুঝতে পারেন না। ফলে একই কাজের জন্য বারবার ফি দিয়ে নতুন আবেদন করতে হয়। আবেদন বাতিল হলে তার সুনির্দিষ্ট কারণ নোটিফিকেশন বা এসএমএসের মাধ্যমে জানানোর বাধ্যবাধকতা চালু হবে কি না, তা জানতে চান তিনি।
একই ধরনের ভোগান্তির কথা তুলে ধরেন ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসান। এনআইডি কার্ড ও জন্মনিবন্ধন সংশোধনে সাধারণ মানুষের দুর্ভোগ নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংশোধনের নিয়ম তুলে ধরেন। তিনি জানান, ভোটার নিবন্ধনের সময় ব্যক্তির দেওয়া তথ্য এবং বায়োমেট্রিক তথ্য গ্রহণ ও যাচাইয়ের পর জাতীয় পরিচয়পত্র ইস্যু করা হয়। পরবর্তী সময়ে মাধ্যমিক সনদের তথ্য যাচাই করে এনআইডি সংশোধন করা হয়।
তবে কিছু ক্ষেত্রে হলফনামা জমা দেওয়া বাধ্যতামূলক বলে জানান প্রতিমন্ত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী, শিক্ষাগত যোগ্যতা উচ্চতর থেকে নিম্নতর করা, মাধ্যমিক সনদে থাকা নাম বা বাবা-মায়ের নামের সঙ্গে ভিন্নভাবে সংশোধন এবং জন্মতারিখ পরিবর্তনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে হলফনামা দিতে হয়।
আবেদন বাতিলের কারণ জানানো হয় না—এমন অভিযোগের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে আবেদন বাতিলের কারণ নথি ও সিস্টেমে লিপিবদ্ধ করা হয়। পাশাপাশি আবেদনকারীর মোবাইল ফোনে ‘বাতিল’ এসএমএস পাঠানো হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকার কথাও স্বীকার করেন মীর শাহে আলম। তিনি বলেন, এসব অভিযোগ সম্পর্কে সরকার অবগত রয়েছে। দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়েও পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সংসদে ওঠা অভিযোগ ও প্রতিমন্ত্রীর জবাবে এনআইডি সংশোধন প্রক্রিয়ার দুটি দিক সামনে এসেছে—একদিকে নাগরিকদের বাড়তি কাগজপত্র ও আবেদন বাতিল নিয়ে অসন্তোষ, অন্যদিকে কর্তৃপক্ষের দাবি, বাতিলের কারণ নথিভুক্ত করে এসএমএস পাঠানো হচ্ছে। তবে আবেদনকারীরা ঠিক কী ধরনের তথ্য পাচ্ছেন এবং বাস্তবে কতটা সহজে সংশোধন করতে পারছেন, সেই প্রশ্নের নিষ্পত্তি হয়নি।























