সসংদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
১৫ বছরে নিবন্ধন বাতিল, কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর
- সংবাদ প্রকাশের সময় : ০৬:২৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১৫ বছরে দেশে নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে ৭২২টি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও)। বিভিন্ন অনিয়ম ও বিধিবিধান লঙ্ঘনের কারণে এসব সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীনের এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।
লিখিত জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ১৯৯০ সালে এনজিও বিষয়ক ব্যুরো প্রতিষ্ঠার পর থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন সংস্থাটি বৈদেশিক অনুদানপ্রাপ্ত এনজিওগুলোর স্বেচ্ছাসেবামূলক প্রকল্প কার্যক্রম সমন্বয় করে আসছে।
তিনি জানান, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনেও এনজিওগুলোর ভূমিকা রয়েছে। দারিদ্র্য বিমোচন, ক্ষুধামুক্তি, জনস্বাস্থ্য, মানসম্মত শিক্ষা, লিঙ্গসমতা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, নারী নির্যাতন প্রতিরোধ, সুপেয় পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করাসহ বিভিন্ন ক্ষেত্রে এনজিওগুলোর প্রকল্প সমন্বয় করে ব্যুরো।
স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, এনজিও বিষয়ক ব্যুরো নতুন এনজিওর নিবন্ধন, নিবন্ধন নবায়ন, প্রকল্প অনুমোদন, অর্থছাড় এবং প্রকল্প বাস্তবায়ন পর্যবেক্ষণ ও তদারকির দায়িত্ব পালন করে। এসব কার্যক্রম পরিচালিত হয় ব্যুরোর নিজস্ব নীতিমালা ও সরকারি বিধিবিধানের আওতায়।
২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৭২২টি এনজিওর নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। নিবন্ধন বাতিলের উল্লেখযোগ্য কারণ হিসেবে নির্ধারিত সময়ে নবায়নের আবেদন না করা, স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ, নিবন্ধনের শর্ত ও ব্যুরোর আইনানুগ নির্দেশনা অমান্য এবং ভুয়া বা নকল লেটার অব ইনটেন্ট (এলওআই) জমা দেওয়ার কথা উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।






















