আওয়ামী লীগকে আলোচনায় রাখাই দলটিকে বাঁচিয়ে রাখছে: নুর

- সংবাদ প্রকাশের সময় : ০৫:১১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে নিয়ে মানুষের আলোচনা দলটিকে টিকিয়ে রাখছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
মঙ্গলবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ৭ নভেম্বর উপলক্ষে গণঅধিকার পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
নুরুল হক নুর বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে তিনি কথা বলতে চান না। তাঁর ভাষায়, ‘আমরা সবাই যে তাদের নিয়ে আলোচনা করছি, তাই তাদের বাঁচিয়ে রাখছে।’
শেখ হাসিনার বক্তব্যের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, তিনি কী বলছেন, তা শোনা গেলেও তাঁকে দেখা যায় না। এসব বক্তব্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কি না, নাকি সত্যিই শেখ হাসিনার কণ্ঠ—তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আওয়ামী লীগের ফিরে আসার বক্তব্যকে মানুষের সঙ্গে একধরনের তামাশা বলেও মন্তব্য করেন নুর।
আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলার বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, দলটিকে শুধু বক্তৃতা-বিবৃতিতে নয়, রাজপথেও মোকাবিলা করতে হবে।
স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে নুর বলেন, এমনটি হলে যারা সুযোগ করে দেবে, তারাই বিপদে পড়বে। জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আওয়ামী লীগের ভোটের হিসাব বিবেচনায় নিয়ে রাজপথে দলটির বিরুদ্ধে অবস্থান না নিলে তাদেরই ক্ষতি হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
বাসে আগুন দেওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িতদের ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের ধরিয়ে দিতে পারলে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে।
গার্মেন্টস খাতে আওয়ামী লীগের লোকজন অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করেছে বলেও অভিযোগ করেন নুর। একই সঙ্গে সরকারের অযথা সমালোচনা করা থেকে বিরোধী দলগুলোর বিরত থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি।























