চাটমোহরে সার বিতরণে হট্টগোল, ডিলারের ঘর ভেঙে ৬১১ বস্তা লুট

- সংবাদ প্রকাশের সময় : ০৬:০৫:৫২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
পাবনার চাটমোহরে সরকারি সার বিতরণকে কেন্দ্র করে উত্তেজনা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় এক ডিলারের টিনশেড ঘর ভেঙে ৬১১ বস্তা সার নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে উত্তেজিত জনতার বিরুদ্ধে। ঘটনার পর মাইকিং করে নিয়ে যাওয়া সার ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে একটি টিনশেড ঘরে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইউনিয়ন পরিষদের সামনে ওই টিনশেড ঘর থেকে সরকারি সার বিতরণ করছিলেন ডিলার প্রদীপ কুমার পাল। এ সময় সার নিতে আসা কৃষকদের মধ্যে লাইনে দাঁড়ানো নিয়ে প্রথমে হট্টগোল শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উত্তেজিত জনতা ডিলারের ঘরটি ভাঙচুর করে। পরে সেখান থেকে বিপুল পরিমাণ সার নিয়ে যাওয়ার ঘটনা ঘটে।
ঘটনার পর সার মজুতের হিসাব করে দেখা যায়, ওই ঘরে মোট ১ হাজার ১৮১ বস্তা সার ছিল। এর মধ্যে ১৭০ বস্তা বিতরণ করা হয়েছে, ৪০০ বস্তা মজুত রয়েছে এবং বাকি ৬১১ বস্তা সার নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান, কৃষি বিভাগের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক এবং চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় মাইকিং করে কৃষকদের নিয়ে যাওয়া সার ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়।
পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, জেলায় সারের কোনো সংকট নেই। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
























