গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন, শহরজুড়ে টহল
- সংবাদ প্রকাশের সময় : ০৮:১৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ডাকা অবরোধকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে গোপালগঞ্জে ছয় প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মঙ্গলবার সন্ধ্যা থেকে জেলা শহরের বিভিন্ন স্থানে টহল শুরু করেছেন বিজিবি সদস্যরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে যশোর থেকে বিজিবির সদস্যরা গোপালগঞ্জে পৌঁছান। পরে সন্ধ্যায় তাঁরা শহরের বিভিন্ন এলাকায় টহল দেন। জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ছাত্রলীগের ডাকা অবরোধকে কেন্দ্র করে জেলার টুঙ্গিপাড়ায় পুলিশের সঙ্গে অবরোধকারীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন অবরোধকারীরা।
এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে বিকেলে বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেয় প্রশাসন। সন্ধ্যায় জেলায় পৌঁছানোর পরপরই বিভিন্ন স্থানে টহল শুরু করেন বিজিবি সদস্যরা।
জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, জেলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরাও দায়িত্ব পালন করবেন।






















