মাথা ঘোরা ও শরীর দুর্বল? রক্তে সোডিয়াম কমার পেছনে থাকতে পারে ৫ কারণ

- সংবাদ প্রকাশের সময় : ১২:০৪:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
মাথা ঘোরা, শরীরে অতিরিক্ত দুর্বলতা, বমি বমি ভাব কিংবা কথা জড়িয়ে যাওয়া—এসব উপসর্গকে অনেকেই সাধারণ শারীরিক সমস্যা ভেবে এড়িয়ে যান। কিন্তু রক্তে সোডিয়ামের মাত্রা কমে গেলেও দেখা দিতে পারে এমন লক্ষণ। চিকিৎসাবিজ্ঞানে এ অবস্থাকে বলা হয় হাইপোনাট্রেমিয়া। সময়মতো শনাক্ত ও চিকিৎসা না হলে গুরুতর জটিলতা, এমনকি খিঁচুনি ও অজ্ঞান হওয়ার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে।
সোডিয়াম শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইলেকট্রোলাইট। শরীরে পানির ভারসাম্য বজায় রাখা, স্নায়ু ও পেশির স্বাভাবিক কার্যক্রম এবং রক্তচাপ নিয়ন্ত্রণে এর ভূমিকা রয়েছে। সাধারণত রক্তে সোডিয়ামের স্বাভাবিক মাত্রা প্রতি লিটারে ১৩৫ থেকে ১৪৫ মিলিমোল। এই মাত্রা ১৩৫ মিলিমোলের নিচে নেমে গেলে তাকে হাইপোনাট্রেমিয়া বলা হয়।
চিকিৎসক এস এ মল্লিকের মতে, বিভিন্ন শারীরিক সমস্যা ও ওষুধের প্রভাবে রক্তে সোডিয়ামের মাত্রা কমতে পারে। এর পেছনে প্রধান পাঁচটি কারণ রয়েছে।
সোডিয়াম কমে যাওয়ার ৫ কারণ
১. ডাইইউরেটিক বা প্রস্রাব বাড়ানোর ওষুধ
কিডনি, উচ্চ রক্তচাপ কিংবা হৃদ্রোগের চিকিৎসায় অনেককে ডাইইউরেটিক বা ‘ওয়াটার পিল’ দেওয়া হয়। এসব ওষুধ প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে অতিরিক্ত পানি বের করে দিতে সাহায্য করে। তবে কিছু ডাইইউরেটিকের কারণে সোডিয়ামসহ প্রয়োজনীয় লবণও শরীর থেকে বেরিয়ে যেতে পারে। ফলে রক্তে সোডিয়ামের মাত্রা কমে যায়।
এ ছাড়া প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পানি পান করলেও রক্তে সোডিয়ামের ঘনত্ব কমে যেতে পারে। বিশেষ করে অল্প সময়ে অতিরিক্ত পানি পান করলে এ ঝুঁকি তৈরি হয়। তাই পানি পান জরুরি হলেও ব্যক্তির শারীরিক অবস্থা ও প্রয়োজন অনুযায়ী পরিমাণ নির্ধারণ করা উচিত। চিকিৎসকের পরামর্শ ছাড়া ডাইইউরেটিক ওষুধের মাত্রা পরিবর্তন বা বন্ধ করা ঠিক নয়।
২. হরমোনের ভারসাম্যহীনতা ও এসআইএডিএইচ
সোডিয়াম কমে যাওয়ার অন্যতম কারণ সিনড্রোম অব ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিডাইইউরেটিক হরমোন (এসআইএডিএইচ)। এ অবস্থায় শরীরে অ্যান্টিডাইইউরেটিক হরমোন বা এডিএইচ অতিরিক্ত নিঃসৃত হয়। ফলে কিডনি প্রয়োজনের তুলনায় বেশি পানি ধরে রাখে। এতে রক্তে সোডিয়ামের ঘনত্ব কমে যায়।
বিভিন্ন সংক্রমণ, কিছু ওষুধ এবং ফুসফুস বা মস্তিষ্কের রোগের কারণে এ সমস্যা দেখা দিতে পারে। উল্লেখ্য, এডিএইচ হরমোন মূলত হাইপোথ্যালামাসে তৈরি হয় এবং পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়।
৩. দীর্ঘমেয়াদি কিডনি রোগ
শরীরে পানি ও ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে কিডনির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দীর্ঘমেয়াদি কিডনি রোগে আক্রান্ত হলে কিডনির স্বাভাবিক কার্যক্ষমতা কমে যায়। ফলে শরীর থেকে অতিরিক্ত পানি বের করে দেওয়া এবং সোডিয়ামের ভারসাম্য রক্ষার প্রক্রিয়া ব্যাহত হতে পারে। এর ফলে রক্তে সোডিয়ামের মাত্রা কমে যাওয়ার ঝুঁকি তৈরি হয়।
৪. কনজেস্টিভ হার্ট ফেইলিউর
হৃদ্যন্ত্র পর্যাপ্ত শক্তিতে রক্ত পাম্প করতে না পারলে শরীরের বিভিন্ন অংশে পানি জমতে পারে। এ অবস্থায় শরীরে পানি বেড়ে যাওয়ার তুলনায় সোডিয়ামের পরিমাণ কম থাকায় রক্তে সোডিয়ামের ঘনত্ব হ্রাস পায়। চিকিৎসাবিজ্ঞানে একে ডাইলিউশনাল হাইপোনাট্রেমিয়া বলা হয়। হৃদ্যন্ত্রের দীর্ঘমেয়াদি সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সোডিয়ামের মাত্রা পরীক্ষা করা প্রয়োজন।
৫. অ্যাড্রিনাল গ্রন্থির সমস্যা
কিডনির ওপরের দিকে থাকা অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নিঃসৃত বিভিন্ন হরমোন শরীরের লবণ ও পানির ভারসাম্য নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি হলে কর্টিসল হরমোনের উৎপাদন কমে যায়। কিছু ক্ষেত্রে অ্যালডোস্টেরন হরমোনও কম নিঃসৃত হতে পারে। এতে কিডনির মাধ্যমে সোডিয়াম বেরিয়ে যাওয়ার পরিমাণ বেড়ে যায় এবং রক্তে সোডিয়ামের মাত্রা কমে যেতে পারে।
যেসব লক্ষণে সতর্ক হওয়া জরুরি
রক্তে সোডিয়ামের মাত্রা কতটা কমেছে এবং কত দ্রুত কমেছে, তার ওপর উপসর্গের তীব্রতা নির্ভর করে। প্রাথমিক পর্যায়ে মাথা ঘোরা, দুর্বলতা, বমি বমি ভাব, মাথাব্যথা ও ক্ষুধামন্দা দেখা দিতে পারে।
তবে সোডিয়ামের মাত্রা দ্রুত কমে গেলে বিভ্রান্তি, কথা জড়িয়ে যাওয়া, খিঁচুনি কিংবা অজ্ঞান হয়ে যাওয়ার মতো গুরুতর উপসর্গ দেখা দিতে পারে। এসব লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নিতে হবে।
সোডিয়াম কমে গেলে নিজে থেকে অতিরিক্ত লবণ খাওয়া বা পানি পান বন্ধ করে দেওয়া নিরাপদ নয়। কারণ, সমস্যার ধরন ও মূল কারণ অনুযায়ী চিকিৎসা ভিন্ন হতে পারে। বিশেষ করে রক্তে সোডিয়ামের মাত্রা খুব দ্রুত বাড়ানোও বিপজ্জনক। তাই বারবার সোডিয়াম কম পাওয়া গেলে শুধু মাত্রা স্বাভাবিক করার চেষ্টা না করে এর পেছনের কারণ শনাক্ত করাই জরুরি।






















