আইনশৃঙ্খলা পরিস্থিতির দায় সরকার এড়াতে পারে না: শফিকুর রহমান

- সংবাদ প্রকাশের সময় : ০৯:০৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক নাশকতা, ককটেল বিস্ফোরণ, হামলা ও সহিংসতার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ করেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃশ্যমান পদক্ষেপ ও স্পষ্ট বক্তব্য দাবি করে তিনি বলেছেন, সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে বিরোধী দলও বসে থাকবে না।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় সংসদের সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
শফিকুর রহমান বলেন, ‘আমরা বিরোধী দল হিসেবে ব্যর্থতার কোনো দায় নিতে চাই না, আবার ব্যর্থ হতেও চাই না। সরকার যদি ব্যর্থ হয়, তাহলে বিরোধী দল তার দায়িত্ব পালন করবে, আমরাও বসে থাকব না। কারণ এই দেশ আমাদের সবার।’
দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভূমিকা পালনে আগ্রহের কথা জানিয়ে জামায়াতে ইসলামীর এই নেতা বলেন, সরকার একাই পরিস্থিতি সামাল দিতে চাইলে তা স্পষ্ট করে জানাতে হবে। আর বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন হলে সেটিও বলতে হবে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে এ বিষয়ে কোনো স্পষ্ট অবস্থান পাওয়া যাচ্ছে না।
আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ‘অকার্যকর’ মনে হচ্ছে বলে মন্তব্য করেন বিরোধীদলীয় নেতা। তাঁর অভিযোগ, কয়েক দিন ধরে দেশের বিভিন্ন এলাকায় একের পর এক নাশকতা ও সহিংসতার ঘটনা ঘটলেও পরিস্থিতির দৃশ্যমান উন্নতি নেই। এ অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে সংসদে স্পষ্ট বক্তব্য এবং কার্যকর উদ্যোগ প্রত্যাশা করেছিলেন তাঁরা।
দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা তুলে ধরে শফিকুর রহমান বলেন, আর্মি গলফ ক্লাব, পুলিশের বিশেষ শাখা—এসবির সদর দপ্তরের সামনে, থানার গেটে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনা ঘটছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে টানা তিন দিন বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং মঙ্গলবার সেখানে দুজন আহত হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
সীমান্ত ও পার্বত্য এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে এক তরুণ সেনাসদস্যের মৃত্যুর ঘটনা এবং সাজেক ভ্যালিকে ঘিরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির বিষয়টিও সংসদে তুলে ধরেন তিনি। পাশাপাশি গোপালগঞ্জে পুলিশের গাড়িতে একাধিকবার হামলা ও অগ্নিসংযোগ, সরকারি দলের কার্যালয়ে হামলা-ভাঙচুর ও লুটপাট এবং বিভিন্ন স্থানে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ করেন।
বিরোধীদলীয় নেতা বলেন, এসব বিষয়ে আগেও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। কিন্তু পরিস্থিতির উন্নতি না হয়ে অবনতি হচ্ছে। এতগুলো ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাকে কোথা থেকে গ্রেপ্তার করেছে, সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না। বরং সাধারণ মানুষ কয়েকজনকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে।
দেশে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশের বিশেষ শাখা (এসবি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), নিয়মিত পুলিশ ও আনসার ব্যাটালিয়নের মতো একাধিক বাহিনী থাকার পরও কেন এমন পরিস্থিতি তৈরি হচ্ছে, সেই প্রশ্ন তোলেন তিনি।
শফিকুর রহমান বলেন, গত দুই থেকে চার দিনের উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে সংসদে বক্তব্য দেবেন বলে তাঁরা আশা করেছিলেন। কিন্তু দুই দিন পার হলেও তাঁর কোনো বক্তব্য বা দৃশ্যমান উদ্যোগ দেখা যায়নি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে তৈরি হওয়া উদ্বেগের দায় সরকার, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এড়াতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষায়, ‘কোনো সুযোগ নাই, কোনোভাবে দায় এড়ানো যাবে না।’
বক্তব্যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জামায়াতে ইসলামীর ওপর দমন-পীড়নের অভিজ্ঞতাও তুলে ধরেন শফিকুর রহমান। তিনি বলেন, ‘এই ফ্যাসিস্ট আমলে আমরা নিষিদ্ধ ছিলাম না, আমাদের অফিস তালাবদ্ধ করা হয়েছে, নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু আমরা একটা বৈধ দল ছিলাম, সেখান থেকে ঘর থেকে বের হতে পারিনি।’
তৎকালীন সময়ে কোনো মিছিল আয়োজনের আগেই মামলা ও গ্রেপ্তারের আশঙ্কা থাকত উল্লেখ করে তিনি বলেন, তাঁদের ধারণা থাকত, মিছিল বের করলেই অন্তত দুটি মামলা হবে এবং কয়েকজনকে কারাগারে যেতে হবে। অথচ বর্তমানে ধারাবাহিকভাবে বিভিন্ন ঘটনা ঘটলেও আইন প্রয়োগের দৃশ্যমান প্রতিফলন দেখা যাচ্ছে না।
বিরোধীদলীয় নেতার বক্তব্যে দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সরকারের দায়িত্ব এবং বিরোধী দলের ভূমিকা নিয়ে সংসদে উদ্বেগ ও প্রশ্ন উঠে আসে। তিনি পরিস্থিতি মোকাবিলায় সরকারের কাছ থেকে দ্রুত ও স্পষ্ট পদক্ষেপ প্রত্যাশা করেন।





















