সিলেটে ডেঙ্গুর সংক্রমণে অক্টোবরেই ছাড়াল আগের ৯ মাসের রেকর্ড

- সংবাদ প্রকাশের সময় : ১২:৩৫:৪২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
সিলেট বিভাগে ডেঙ্গুর সংক্রমণ দ্রুত বাড়ছে। বছরের প্রথম নয় মাসে যত মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন, অক্টোবরের এক মাসেই শনাক্ত হয়েছেন তার চেয়ে বেশি রোগী। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ৪১০। আর অক্টোবরের ৩১ দিনে নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়েছে ৪৬৭ জনের। ফলে বছরের মোট আক্রান্তের অর্ধেকেরও বেশি রোগী শনাক্ত হয়েছেন শুধু অক্টোবরেই।
সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে অক্টোবর মাসে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে চলতি বছরের ১০ মাসে সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৭৭ জনে। এ সময়ে মারা গেছেন পাঁচজন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৭ জন।
শনিবার (৩১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের প্রথম সাত মাসে সিলেট বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১০৫ জন। আগস্টে নতুন করে শনাক্ত হন ৮৫ জন। সেপ্টেম্বরে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ২২০ জনে। তাতে সেপ্টেম্বর শেষে মোট আক্রান্তের সংখ্যা ছিল ৪১০। কিন্তু অক্টোবরেই নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৬৭ জন। অর্থাৎ আগের নয় মাসের সম্মিলিত আক্রান্তের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে এক মাসের সংক্রমণ।
সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে বিভাগে ডেঙ্গু শনাক্ত হয়েছিল ১৪৪ জনের। তখন মোট আক্রান্তের সংখ্যা ছিল ৩৩৪ এবং হাসপাতালে ভর্তি ছিলেন ৩০ জন। এক মাসের ব্যবধানে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। অক্টোবরজুড়ে প্রতিদিন গড়ে ১৫ জনের বেশি রোগী শনাক্ত হয়েছেন। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২১ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি ৫৭ জন।
হবিগঞ্জে আক্রান্ত সবচেয়ে বেশি
জেলাভিত্তিক হিসাবে সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি হবিগঞ্জে। ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত জেলাটিতে আক্রান্ত হয়েছেন ৩৬২ জন, যা বিভাগের মোট আক্রান্তের প্রায় ৪১ শতাংশ।
দ্বিতীয় অবস্থানে থাকা সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ২০৫ জন। এ ছাড়া সুনামগঞ্জে ২০১ জন এবং মৌলভীবাজারে ৭৮ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। অন্যান্য জেলা থেকে এসে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে আরও ৩১ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
পরিসংখ্যানে দেখা যাচ্ছে, সুনামগঞ্জ ও সিলেটেও সংক্রমণ উল্লেখযোগ্য পর্যায়ে পৌঁছেছে। উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও নতুন রোগী শনাক্ত হওয়ায় ডেঙ্গুর বিস্তার এখন আর নগরকেন্দ্রিক নেই; বিভাগের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে।
ওসমানীসহ বিভিন্ন হাসপাতালে ৫৭ রোগী
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ২১ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, হবিগঞ্জ সদর হাসপাতালে ২ জন, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে ৪ জন চিকিৎসা নিচ্ছেন।
বর্তমানে হাসপাতালে ভর্তি ৫৭ জনের মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন এবং মাউন্ট এডোরা হাসপাতালে ২ জন রয়েছেন।
এ ছাড়া বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, হবিগঞ্জ সদর হাসপাতালে ৭ জন, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৪ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২ জন চিকিৎসাধীন রয়েছেন।





















