পোশাক কারখানার উৎপাদন চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

- সংবাদ প্রকাশের সময় : ১০:১৬:২৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষ ও অস্থিরতা নিরসনে কারখানার উৎপাদন অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দিয়েছেন তিনি।
রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে সংশ্লিষ্ট মন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শ্রমমন্ত্রী বলেন, ডিসেম্বরকে সামনে রেখে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। সরকার এ পরিস্থিতি রাজনৈতিকভাবে মোকাবিলা করবে। কারখানার উৎপাদন অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি জানান, পোশাকশিল্পের উৎপাদন ও স্বাভাবিক কার্যক্রম সচল রাখার পাশাপাশি শ্রমিক অসন্তোষের পেছনের কারণগুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার। শিল্পাঞ্চলে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন নিরাপত্তা ও জনজীবনে প্রভাব ফেলতে না পারে, সে বিষয়েও সতর্ক থাকতে বলা হয়েছে।
দ্রুত মজুরি নির্ধারণের উদ্যোগ
শ্রমিকদের মজুরি নিয়ে অসন্তোষ নিরসনে নতুন করে নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। ছয় সদস্যের এই বোর্ড দ্রুত সভা করে মজুরির বিষয়ে সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছেন শ্রমমন্ত্রী।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, একদিকে কারখানার উৎপাদন ও স্বাভাবিক কার্যক্রম সচল রাখা, অন্যদিকে শ্রমিকদের অসন্তোষের কারণ চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। নতুন মজুরি নির্ধারণের প্রক্রিয়ায় দ্রুত অগ্রগতি আনার বিষয়টিও বিবেচনায় রয়েছে।




















