বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি হামিদুর রহমানের ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত

- সংবাদ প্রকাশের সময় : ০৭:২৪:০৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ও গভীর শ্রদ্ধায় পালিত হয়েছে দিনটি।বুধবার(২৮অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার মাধবপুর ইউনিয়নের ধলই সীমান্তে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
কমলগঞ্জ উপজেলা প্রশাসন এবং কমলগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে আলাদাভাবে এ শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আরশাদ আলী, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, নির্বাহী সদস্য কমলগঞ্জ আবৃত্তি অঙ্গনের সভাপতি শাব্বির এলাহী,কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি কবি নির্মল এস পলাশ, বিজিবি ধলই বিওপির ইনচার্জ সুবেদার আক্কাস আলী প্রমুখ।
বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি হামিদুর রহমান ১৯৭১ সালের ২৮ অক্টোবর মৌলভীবাজারের কমলগঞ্জের ধলই সীমান্তে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হয়েছে।
১৯৫৩ সালের ২ ফেব্রুয়ারি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খোরদা খালিশপুর গ্রামে তিনি জন্ম নেন। তার বাবার নাম আক্কাস আলী মণ্ডল এবং মায়ের নাম কায়মুন্নেসা। মাত্র ১৮ বছর বয়সে দেশের জন্য জীবন উৎসর্গ করা সিপাহি হামিদুর রহমান ৭ জন বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত শহীদ মুক্তিযোদ্ধার মধ্যে সর্বকনিষ্ঠ।
প্রতি বছর ২৮ অক্টোবর এই বীর মুক্তিযোদ্ধার রক্তে ভেজা ধলই সীমান্তে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বিজিবি ব্যাটালিয়ন, কমলগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।























