ঘনচিনি দিয়ে আইসক্রিম, ঝালকাঠিতে কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

- সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
ঝালকাঠির নলছিটিতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ঘনচিনি ব্যবহার এবং অপরিচ্ছন্ন পরিবেশে আইসক্রিম তৈরির দায়ে একটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২৮ অক্টোবর) নলছিটি উপজেলার রায়াপুরের বটতলা বাজারসংলগ্ন মিঠাই মিল্ক আইসবার ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে আইসক্রিম তৈরিতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ঘনচিনি ব্যবহার এবং অপরিচ্ছন্ন পরিবেশে উৎপাদন কার্যক্রম পরিচালনার প্রমাণ পাওয়া যায়।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী কারখানাটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সাধন সরকারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত রাখা প্রয়োজন। পাশাপাশি খাদ্যপণ্য উৎপাদনে স্বাস্থ্যবিধি ও নিরাপত্তার মান বজায় রাখতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তাঁরা।

























