বললেন নাহিদ ইসলাম
সরকার দলীয়করণের পথে, সুষ্ঠু স্থানীয় নির্বাচন সম্ভব নয়

- সংবাদ প্রকাশের সময় : ০৩:৪৯:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
সরকারের দলীয় অন্তর্কোন্দলে এখন পর্যন্ত কয়েকশ মানুষ নিহত ও আহত হয়েছেন বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন দলীয়করণ করা হয়েছে। এমন পরিস্থিতিতে সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন আয়োজন সম্ভব নয়।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে রাজবাড়ী পৌর মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার আমলে যা ঘটেছে, তার অনেক কিছুই বর্তমানেও চলছে। দেশে আরেকটি ফ্যাসিবাদ চান না উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকারের ফ্যাসিবাদী হয়ে ওঠার সক্ষমতা না থাকলেও সরকার কর্তৃত্ববাদের দিকে এগোচ্ছে। জ্বালানি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীরা ব্যর্থ হলেও তাঁদের সরানো হচ্ছে না।
বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে না বলেও অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক। তাঁর দাবি, সংস্কার নিয়ে বিভিন্ন প্রস্তাব দেওয়া হলেও সরকার সেগুলোর কোনোটি বাস্তবায়ন করেনি।
সংবাদ সম্মেলনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার কার্যক্রম, মূল্যস্ফীতি, মাদক সমস্যা ও গঙ্গার পানি বণ্টন চুক্তিসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন নাহিদ ইসলাম।
পরে রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ ইউনিটের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন তিনি। সংগঠনের সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় সরকার নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক।





















