মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর

- সংবাদ প্রকাশের সময় : ০৩:৪৬:১১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুক কর্মীদের মেডিকেল পরীক্ষা আগামী ৩১ অক্টোবর থেকে শুরু হচ্ছে। অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে এ পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
বুধবার (২৮ অক্টোবর) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর তালিকা শিগগিরই মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তালিকাভুক্ত কেন্দ্র ছাড়া অন্য কোথাও মেডিকেল পরীক্ষা করালে তা গ্রহণযোগ্য হবে না। এমনকি এসব পরীক্ষার ভিত্তিতে ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়াও সম্পন্ন করা হবে না।
এ অবস্থায় মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক কর্মীদের মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা নিয়মিত দেখার এবং নির্ধারিত কেন্দ্র থেকেই স্বাস্থ্য পরীক্ষা করানোর অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।





















