দুই মাসে বিদেশি ঋণ পরিশোধ ৮ হাজার ৬২৬ কোটি টাকা

- সংবাদ প্রকাশের সময় : ০৯:০২:০০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে বিদেশি ঋণ পরিশোধে বাংলাদেশের ব্যয় হয়েছে ৬৯ কোটি ৮৯ লাখ ২০ হাজার ডলার। দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৮ হাজার ৬২৬ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এ সময়ে ঋণ পরিশোধ বেড়েছে ৩ কোটি ১৮ লাখ ১০ হাজার ডলার।
রোববার (২৭ সেপ্টেম্বর) অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইআরডির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-আগস্টে পরিশোধ করা অর্থের মধ্যে ৫১ কোটি ৬০ লাখ ৪০ হাজার ডলার গেছে মূল ঋণের কিস্তি পরিশোধে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬ হাজার ৩৬৯ কোটি টাকা।
অন্যদিকে, একই সময়ে বিদেশি ঋণের সুদ বাবদ পরিশোধ করা হয়েছে ১৮ কোটি ২৮ লাখ ৮০ হাজার ডলার, যা প্রায় ২ হাজার ২৫৭ কোটি টাকার সমান।
গত অর্থবছরের প্রথম দুই মাসে বাংলাদেশ বিদেশি ঋণ পরিশোধ করেছিল ৬৬ কোটি ৭১ লাখ ১০ হাজার ডলার বা প্রায় ৮ হাজার ১৩১ কোটি টাকা। ফলে এক বছরের ব্যবধানে ঋণ পরিশোধের পরিমাণ বেড়েছে।
এদিকে, ঋণ পরিশোধ বাড়লেও চলতি অর্থবছরের প্রথম দুই মাসে বিদেশি ঋণের অর্থছাড় হয়েছে ২৯ কোটি ৪৫ লাখ ৬০ হাজার ডলার।
জুলাই ও আগস্টে বাংলাদেশ নতুন করে ২৪ কোটি ডলারের বিদেশি ঋণের প্রতিশ্রুতি পেয়েছে। গত অর্থবছরের একই সময়ে নতুন ঋণের প্রতিশ্রুতির পরিমাণ ছিল ২৪ কোটি ৩৮ লাখ ডলার।
অর্থাৎ, একদিকে আগের ঋণের কিস্তি ও সুদ পরিশোধের পরিমাণ বেড়েছে, অন্যদিকে নতুন ঋণের প্রতিশ্রুতির পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় সামান্য কমেছে।


























