ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক আঁচল রায়

- সংবাদ প্রকাশের সময় : ০৯:৫২:১৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. আঁচল রায়। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডা. আঁচল রায় ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩০ বছর।
ডা. আঁচল রায় নোয়াখালী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। তিনি ৪২তম বাংলাদেশ সিভিল সার্ভিস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ছিলেন। কর্মজীবনে তিনি মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (নিউরোলজি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
এক শোকবার্তায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডা. আঁচল রায়ের মৃত্যুতে স্বাস্থ্য খাত একজন নিবেদিতপ্রাণ চিকিৎসককে হারিয়েছে। তাঁর মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত।
মন্ত্রী প্রয়াত চিকিৎসকের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানান।





















