মাকে কুপিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে, যশোরে চাঞ্চল্য

- সংবাদ প্রকাশের সময় : ০৯:৪১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
যশোর সদর উপজেলার দেয়ারা ইউনিয়নের দুর্গাপুর গ্রামে পারিবারিক কলহের জেরে মনোয়ারা বেগম (৫৮) নামে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মেজো ছেলে স্কুলশিক্ষক মামুনুর রশিদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মনোয়ারা বেগম ওই গ্রামের আলতাব হোসেনের স্ত্রী। অভিযুক্ত মামুনুর রশিদ লাউজানি মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক।
স্থানীয় সূত্র ও পুলিশের প্রাথমিক তথ্যমতে, মামুনুর রশিদের সঙ্গে দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যদের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সন্ধ্যায় মায়ের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা ধারালো অস্ত্র দিয়ে মাকে কুপিয়ে হত্যা করেন বলে অভিযোগ উঠেছে।
কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিনুল হক জানান, পারিবারিক বিরোধের জেরে স্কুলশিক্ষক মামুনুর রশিদ তার মাকে কুপিয়ে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ও ডিবির একাধিক দল ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, অভিযুক্ত মামুনুর রশিদকে আটকের জন্য পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।
এদিকে যশোর র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক এ কে এম ফজলে রাব্বি প্রিন্স জানান, পুলিশের পাশাপাশি র্যাবের একটি দলও অভিযুক্তকে ধরতে কাজ করছে।























