ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেই প্রতিমন্ত্রী হয়েছেন হুমায়ুন কবির: আইনমন্ত্রী

- সংবাদ প্রকাশের সময় : ০৪:২৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নিয়োগে আইন বা সংবিধানের কোনো ব্যত্যয় ঘটেনি বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তাঁর দাবি, প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার আগেই হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) সমাজকল্যাণ মন্ত্রণালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।
হুমায়ুন কবিরের ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে মো. আসাদুজ্জামান বলেন, দ্বৈত নাগরিকত্ব প্রত্যাহার করেই হুমায়ুন কবির প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। সংবিধানের বিধান অনুসরণ করেই তাঁকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সম্প্রতি টেকনোক্র্যাট কোটায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর হুমায়ুন কবিরের ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ওঠে। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখেও তিনি নাগরিকত্ব ত্যাগের বিষয়টি সরাসরি স্পষ্ট করেননি।
বাংলাদেশের সংবিধানের ৫৬ ও ৬৬ অনুচ্ছেদে মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী এবং সংসদ সদস্য হওয়ার যোগ্যতা ও অযোগ্যতার বিষয়গুলো উল্লেখ রয়েছে। বিদেশি নাগরিকত্বের ক্ষেত্রেও এসব সাংবিধানিক বিধান প্রযোজ্য।




















