পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন

- সংবাদ প্রকাশের সময় : ১১:০৬:৩২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পেলেন দুই প্রতিমন্ত্রী। পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হিসেবে হুমায়ুন কবির এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে শামা ওবায়েদ ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার (২৩ আগস্ট) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক পরিপত্রে তাঁদের দায়িত্ব বণ্টনের বিষয়টি জানানো হয়। পরিপত্রে বলা হয়েছে, দুই প্রতিমন্ত্রীই পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা ও তত্ত্বাবধানে তাঁদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন। এ দায়িত্ব বণ্টনে প্রধানমন্ত্রীর অনুমোদন রয়েছে।
পরিপত্র অনুযায়ী, হুমায়ুন কবির দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিষয়, অনিবাসী বাংলাদেশিদের বিষয় এবং পররাষ্ট্রমন্ত্রীর নির্ধারিত অন্যান্য বিষয়ে দায়িত্ব পালন করবেন।
অন্যদিকে শামা ওবায়েদ ইসলাম দায়িত্ব পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, গবেষণা ও উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সৃজনশীল অর্থনীতি, এলডিসি উত্তরণ এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-সংক্রান্ত বিষয়ে।
এ ছাড়া সমুদ্র আইন ও সমুদ্রসম্পদ, বিশ্ব স্বাস্থ্য কূটনীতি এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতির বিষয়ও তাঁর দায়িত্বের আওতায় থাকবে।
নতুন দায়িত্ব বণ্টনের ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ও বহুমুখী কার্যক্রমে দুই প্রতিমন্ত্রীর পৃথক দায়িত্ব আরও স্পষ্ট হলো।




















