মঈন খান
সংবিধান মেনেই স্থানীয় সরকার নির্বাচন, অতীতের মতো নির্বাচন হবে না

- সংবাদ প্রকাশের সময় : ১০:২৭:১৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ৭ বার পড়া হয়েছে
সাংবিধানিক বিধিবিধান অক্ষরে অক্ষরে অনুসরণ করে দেশের স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।
রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা ও দপ্তরের প্রধান এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও সচিব মো. শহীদুল হাসানসহ বিভিন্ন সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।
মঈন খান বলেন, আগের সরকারের সময়ে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, বর্তমান গণতান্ত্রিক সরকার সেভাবে নির্বাচন করবে না। স্থানীয় সরকারের প্রতিটি স্তরে এমন নির্বাচন আয়োজন করা হবে, যেখানে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে এবং প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হবেন।
তিনি বলেন, বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করেছে। ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত অনুষ্ঠিত চারটি জাতীয় নির্বাচনে জনগণের ইচ্ছার যথাযথ প্রতিফলন হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, এক বছর দীর্ঘ সময়। এর মধ্যে সংবিধানের নিয়মকানুন মেনে, সরকারের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে এবং জনগণের মতামতের প্রতিফলন ঘটিয়ে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে।
‘গরিব মানুষের সেবাই অগ্রাধিকার’
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের গুরুত্ব তুলে ধরে মঈন খান বলেন, জনগণকে সরাসরি সেবা দেওয়ার ক্ষেত্রে এ মন্ত্রণালয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্ত্রণালয় সঠিকভাবে পরিচালিত হলে তৃণমূল পর্যায়ে সরকারের কার্যক্রমও কার্যকর হবে।
তিনি বলেন, সরকার সব শ্রেণি-পেশার মানুষের সেবা করবে। তবে দরিদ্র মানুষের সেবাকে অগ্রাধিকার দেওয়া হবে। অতীতে ধনী শ্রেণিকে সুবিধা দিতে গিয়ে দরিদ্র মানুষের অধিকার হরণ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুর কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ভবিষ্যতেও দরিদ্র মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে সরকারের কার্যক্রম পরিচালিত হবে।
দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা
দুর্নীতির বিষয়ে মঈন খান বলেন, বর্তমান সরকার কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেবে না। অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িতদের যথাযথ আইনি প্রক্রিয়ায় দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে জবাবদিহির আওতায় আনা হবে।
তিনি বলেন, শুধু স্থানীয় সরকার মন্ত্রণালয় নয়, সরকারের সব পর্যায়ে অনিয়ম ও দুর্নীতির জন্য দায়ীদের জবাবদিহির মুখোমুখি হতে হবে।
বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না উল্লেখ করে মন্ত্রী বলেন, তাঁরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চান এবং দেশে সত্যিকারের গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার পথে এগিয়ে যাচ্ছেন।
বিচার বিভাগের প্রসঙ্গে তিনি অতীত সরকারের বিরুদ্ধে বিচারব্যবস্থায় হস্তক্ষেপের অভিযোগ তুলে বলেন, তাঁরা কোনো ‘উইচ হান্টিং’-এ বিশ্বাস করেন না; বরং একটি কার্যকর ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠাই তাঁদের লক্ষ্য।
সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বিগত সরকারের সময়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে ঘিরে লুটপাট ও দুর্নীতির যে অভিযোগ উঠেছিল, সেখান থেকে বেরিয়ে আসতে তাঁরা কাজ করছেন।





















