রেলস্টেশনে মিলল ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য, জব্দ যৌথ বাহিনীর

- সংবাদ প্রকাশের সময় : ১০:১৯:২৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ৮ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন থেকে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ শাড়ি ও কসমেটিকস জব্দ করেছে যৌথ বাহিনী টাস্কফোর্স।
গত শনিবার ২২ আগস্ট বিকাল ৩টার দিকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন এলাকায় শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি), হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি), র্যাব ও মৌলভীবাজার জেলা প্রশাসনের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর উপ-অধিনায়ক মেজর মাহবুবুল হক, মৌলভীবাজার জেলা প্রশাসনের পক্ষে শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় অবৈধ পণ্য পাচারের তথ্য পেয়ে যৌথ বাহিনী টাস্কফোর্সের একটি চৌকস আভিযানিক দল শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন এলাকায় অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ শাড়ি ও বিভিন্ন ধরনের কসমেটিকস জব্দ করা হয়। প্রাথমিকভাবে জব্দ করা মালামালের সিজার মূল্য প্রায় ৩ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি। অবৈধভাবে আমদানি ও পাচারের উদ্দেশ্যে পরিবহন করা এসব পণ্য আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) কর্তৃপক্ষ রোববার ২৩ আগষ্ট প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ ও অবৈধ পণ্য প্রবেশ রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। দেশের অর্থনীতি ও নিরাপত্তা সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
একই সঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি সীমান্তবর্তী জনগণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে।























