সুলতান সালাউদ্দিন টুকু
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ফ্যাসিবাদেরই সুবিধা করবে

- সংবাদ প্রকাশের সময় : ০৮:১২:৩১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা শেষ পর্যন্ত ফ্যাসিবাদ ও তার সহযোগীদেরই সুবিধা করে দেবে। তাই জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সব গণতন্ত্রকামী ও ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র রক্ষার আহ্বান জানান তিনি।
বুধবার (৫ আগস্ট) বিকেলে টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শরীফা হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক (সানু), ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক ডা. এম এ মতিনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জুলাই কোনো ব্যক্তি বা দলের নয়; এটি বাংলাদেশের সব মানুষের অর্জন। অযৌক্তিক ইস্যু তৈরি করে কিংবা বিনা কারণে অস্থিতিশীলতা সৃষ্টি করলে তার সুযোগ নেবে স্বৈরাচারের দোসররা। তাই জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, যারা দেশে অস্থিরতা সৃষ্টি করতে চায়, তারা মূলত ফ্যাসিবাদী শক্তিকেই শক্তিশালী করছে। বৈষম্য ও স্বৈরাচারের বিরুদ্ধে যারা আন্দোলন করেছেন, তাদের মধ্যে বিভক্তি নয়, ঐক্যই এখন সবচেয়ে জরুরি।
বিএনপির রাজনৈতিক ভূমিকার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দলটি কখনো গণতন্ত্রবিরোধী অবস্থান নেয়নি। ১৯৭১ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে বিএনপি ভূমিকা রেখেছে এবং জনগণকে সঙ্গে নিয়েই রাজনীতি করেছে।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ আন্দোলনে ইলিয়াস আলীসহ অসংখ্য মানুষ গুমের শিকার হয়েছেন। এছাড়া ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে বলে দাবি করেন তিনি।
জুলাইয়ের চেতনার ব্যাখ্যা দিয়ে টুকু বলেন, এই আন্দোলনের লক্ষ্য ছিল একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেই বাংলাদেশ নির্মাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সরকারের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, মাত্র সাড়ে পাঁচ মাস আগে একটি সংকটাপন্ন অর্থনৈতিক পরিস্থিতিতে নতুন সরকার দায়িত্ব নিয়েছে। ইতোমধ্যে বাজেট পাস হয়েছে এবং উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে। জনগণ যে প্রত্যাশা নিয়ে সরকারকে নির্বাচিত করেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান সেই প্রত্যাশা পূরণে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
জুলাই যোদ্ধাদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, কর্মসংস্থানের দাবিকে সরকার গুরুত্ব দিচ্ছে। নিজের অবস্থান থেকে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি জানান, টাঙ্গাইলের নির্বাচিত সংসদ সদস্য হিসেবে সরকারি স্বীকৃতিপ্রাপ্ত কার্ডধারী প্রত্যেক জুলাই যোদ্ধার বিনামূল্যে চিকিৎসার উদ্যোগ নেওয়ার চেষ্টা করবেন।
তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ’—এই চেতনাকে ধারণ করেই সবাইকে এগিয়ে যেতে হবে। একই সঙ্গে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যাতে কোনোভাবেই ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে আহত জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য ও অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে জেলার ১২টি উপজেলার ৩০ জন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য দেন। শেষে তাদের সংবর্ধনা দেওয়া হয়।
এর আগে সকালে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে টাঙ্গাইলের জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন বিভিন্ন স্মরণমূলক কর্মসূচির আয়োজন করে।























