জুলাইয়ের চেতনায় গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

- সংবাদ প্রকাশের সময় : ১১:২৫:১০ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে পুনর্গঠন করা হবে। একই সঙ্গে ওই চেতনার আলোকে জুলাই সনদ বাস্তবায়নের প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে রাজধানীর শাহবাগে জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থান গড়ে তুলতে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, নেতা-কর্মী এবং দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে যুক্ত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তারা যেন কোনোভাবেই বিভক্ত না হন এবং ব্যক্তিগত বা দলীয় স্বার্থে জাতিকে নতুন করে বিভাজনের দিকে ঠেলে না দেন।
তিনি বলেন, একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সবার সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। কেউ যদি অতীতের স্বৈরাচারী শাসনের মতো আচরণ করে দেশকে আবার বিভক্ত করার চেষ্টা করেন, জনগণ তা মেনে নেবে না। মানুষের প্রত্যাশা এখন গণতন্ত্র, উন্নয়ন এবং স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার নিশ্চিত করা।
আহমেদ আযম খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও পুনর্গঠনের যাত্রা শুরু করেছেন পুরো জাতিকে সঙ্গে নিয়েই। একইভাবে জুলাই গণঅভ্যুত্থানের সময়ও তিনি নেতৃত্ব দিয়েছেন বলে মন্তব্য করেন মন্ত্রী।
তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করে যাবে।



















