মাভাবিপ্রবি’তে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত

- সংবাদ প্রকাশের সময় : ০৬:৩০:০২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে
‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) আয়োজিত আনন্দ র্যালি থেকে ফ্যাসিবাদের পুনরুত্থান রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহীদুল ইসলাম।
বুধবার (৫ আগস্ট) সকাল ১০টা ৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তৃতীয় একাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহীদুল ইসলাম বলেন, “জুলাইয়ের চেতনা ও আদর্শ বুকে ধারণ করে আমাদের নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। আজ যেমন আমরা সবাই এই বিজয় র্যালিতে একত্রিত হয়েছি, তেমনি আগামী দিনেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে লড়াই চালিয়ে যেতে হবে।” তিনি বলেন, “আমাদের অঙ্গীকার করতে হবে—বাংলাদেশের মাটিতে কোনো মূল্যে আর ফ্যাসিবাদের পুনরুত্থান হতে দেওয়া যাবে না। যে কোনো রূপে সন্ত্রাস বা ফ্যাসিবাদ ফিরে আসার চেষ্টা করুক না কেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ রেখে আমরা তাদের সেই সুযোগ দেব না।”
তিনি শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সবাইকে বিভক্ত না হয়ে পারস্পরিক সহযোগিতা ও সংহতির মাধ্যমে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিছুর রহমান বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের বিজয় ধরে রাখতে হলে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ঐক্য বজায় রাখতে হবে। ফ্যাসিবাদ যাতে পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।” তিনি শিক্ষার্থীদের অতন্দ্র প্রহরীর মতো সচেতন থাকার আহ্বান জানান।
র্যালিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিছুর রহমান, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করিম, প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ, এস্টেট পরিচালক সহযোগী অধ্যাপক ড. আবু জাফর শিবলী, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, আবাসিক হলের প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী ও সাংবাদিকরা অংশ নেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে হল ফেস্ট এবং রাতে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ব্যান্ড ‘আভাস’-এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন সিডিসি (CDC), এমবিএমসি (MBMC), ধ্রুবতারা ও নৃত্যধারা পরিবেশনা করবে।























