বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষায় একসঙ্গে কাজ করতে হবে: মির্জা ফখরুল

- সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
দূষণ নিয়ন্ত্রণ, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ সুরক্ষায় সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, সংস্থা ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিচ্ছিন্ন উদ্যোগে নয়, সমন্বিত পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমেই টেকসই সমাধান নিশ্চিত করা সম্ভব।
মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে বর্জ্য ব্যবস্থাপনা, পানি ও অন্যান্য দূষণরোধ বিষয়ে আয়োজিত মন্ত্রী পর্যায়ের মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, পরিবেশ দূষণ এখন দেশের অন্যতম বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। দ্রুত নগরায়ন, অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, নদী-খাল ও জলাশয়ে বর্জ্য ফেলা এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ও পলিথিনের ব্যাপক ব্যবহার পরিবেশের ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করছে। এসব সমস্যা মোকাবিলায় পরিকল্পিত ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের বিকল্প নেই।
তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; জনগণের সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব আচরণ গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ। বিশেষ করে ক্ষতিকর পলিথিন ব্যাগের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব বিকল্পের ব্যবহার বাড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে।
সভায় বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি পরিবেশ সংরক্ষণে সরকারের চলমান বিভিন্ন উদ্যোগ তুলে ধরে বলেন, পরিবেশ রক্ষায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদারের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও সমান গুরুত্ব দিতে হবে।
মতবিনিময় সভায় পানি দূষণ, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, নদ-নদী সংরক্ষণ, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এবং ক্ষতিকর পলিথিনের ব্যবহার কমানোর বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহিদুল হাসান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরী।





















