রাজধানীতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

- সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে
রাজধানীর তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ এবং ঢাকা আলিয়া মাদ্রাসায় হল ও সিট দখল এবং প্ল্যাকার্ড প্রদর্শনকে কেন্দ্র করে শুরু হওয়া এসব সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। ঘটনাগুলোর পর সংশ্লিষ্ট ক্যাম্পাসগুলোতে উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, হাসপাতালেও উত্তেজনা
সবচেয়ে বড় সংঘর্ষের ঘটনা ঘটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের দাবিসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শনকে কেন্দ্র করে প্রথমে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে আহত শিক্ষার্থীদের ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আবারও দুই পক্ষের মধ্যে কয়েক দফা উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। শিক্ষক ও জকসু নেতাদের দাবি, এ ঘটনায় অন্তত ৫০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
ঢাকা কলেজে সংঘর্ষ ছড়িয়ে পড়ে সায়েন্সল্যাব পর্যন্ত
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে ঢাকা কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের একপর্যায়ে তা ক্যাম্পাস ছাড়িয়ে সায়েন্সল্যাব মোড় পর্যন্ত ছড়িয়ে পড়ে।
এ সময় দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ এবং ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের একাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
আলিয়া মাদ্রাসায় হল দখল নিয়ে সংঘর্ষ
একই দিন বিকেল ৪টার দিকে ঢাকা আলিয়া মাদ্রাসায় হল দখলকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়।
এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। সংঘর্ষের পর ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুই পক্ষের মাঝখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
একই দিনে রাজধানীর তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘর্ষের ঘটনায় শিক্ষাঙ্গনের নিরাপত্তা ও স্বাভাবিক শিক্ষা কার্যক্রম নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তবে এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।




















