একই পরিবারের তিনজনকে হত্যা, তিন দিন পর মিলল মরদেহ

- সংবাদ প্রকাশের সময় : ০৭:৫২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাগেরহাটের কচুয়া উপজেলায় একই পরিবারের তিন সদস্যকে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতদের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ ধারণা করছে, দুই থেকে তিন দিন আগে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে তিনটি মরদেহ উদ্ধার হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহতরা হলেন উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নের চান্দেরকোলা গ্রামের মৃত আবদার আলী হাওলাদারের স্ত্রী মনিরা বেগম (৬০), তাদের ছেলে আহাদ হাওলাদার (২৫) এবং মনিরা বেগমের মা রাশিদা বেগম (৯০)।
স্থানীয়দের ভাষ্য, মঙ্গলবার দুপুর ১২টার দিকে প্রতিবেশী কয়েকজন নারী ওই বাড়িতে গিয়ে বারান্দায় এক বৃদ্ধার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা পরিবারের অন্য সদস্যদের খোঁজ করতে গিয়ে ঘরের ভেতরে আরও দুটি মরদেহ দেখতে পান। বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেন।
খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনটি মরদেহ উদ্ধার করে। পরে সেগুলো ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন আর রশিদ জানান, তিনটি মরদেহের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ কারণে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, মরদেহগুলোতে পচন ধরেছে। এতে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগেই হত্যাকাণ্ডটি ঘটেছে। বাড়িতে নিয়মিত লোকজনের যাতায়াত না থাকায় ঘটনাটি এতদিন কারও নজরে আসেনি।
ওসি বলেন, একই পরিবারের তিন সদস্যকে হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক ইউনিট তদন্ত শুরু করেছে। হত্যার কারণ এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।





















