সাবেক আইন কর্মকর্তার অফিসে অভিযান, আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার

- সংবাদ প্রকাশের সময় : ১২:২২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬ ১০ বার পড়া হয়েছে
জামালপুরে সাবেক আইন কর্মকর্তা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল হাসান মনির ব্যাক্তিগত কার্যালয়ে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, গুলি, ককটেল, পেট্রোল বোমা ও বিদেশী মদ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) বিকালে শহরের পাঁচরাস্তার মোড় এলাকায় মনোয়ার আলী সুপার মার্কেটের দ্বিতীয় তলার ওই কার্যালয় থেকে এসব উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (জামালপুর সদর সার্কেল) রাকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর শহরের পাঁচরাস্তার মোড় এলাকায় মনোয়ার আলী সুপার মার্কেটের দোতলায় একজন আইনজীবীর ব্যক্তিগত কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সময় দেশীয় তৈরি দুইটি পাইপগান, নাইন এমএম পিস্তলের ৪টি গুলি, শর্টগানের ৪টি গুলি, ৬টি ককটেল, ২টি পেট্রোল বোমা এবং ৬টি বিদেশী মদের বোতল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি। বিকেলে তালা ভেঙে ওই আইনজীবীর অনুপস্থিতিতেই তার কার্যালয়ে পুলিশ প্রবেশ করে। এ সময় কার্যালয়ের বিভিন্ন আসবাব থেকে এসব আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ। পরে তা জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়। অভিযানের সময় গণমাধ্যম কর্মী এবং স্থানীয় কয়েকজন ব্যবসায়ীকে সঙ্গে রেখে পুলিশ এ অভিযান পরিচালনা করে। তবে এ ঘটনায় অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল হাসান মনি বা সংশ্লিষ্ট কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
উল্লেখ্য, অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল হাসান মনি কার্যক্রম নিষিদ্ধ দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আওয়ামী লীগ শাসনামলে তিনি আওয়ামী আইনজীবী পরিষদ থেকে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন এবং তিনি জামালপুর আদালতে সরকারি আইন কর্মকর্তা (এপিপি) ছিলেন।

























