অন্তর্বর্তী সরকারের সময়ে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

- সংবাদ প্রকাশের সময় : ১০:৫৬:০৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ বিষয়ে তদন্তের জন্য প্রধানমন্ত্রীকে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (২৮ জুন) জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় এ দাবি জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে ‘যমুনার অন্দরে ও কিনারে’ যেসব দুর্নীতি হয়েছে, সেগুলোর তদন্ত হওয়া প্রয়োজন। এ জন্য দুদককে তদন্তের নির্দেশ দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) একটি প্রতিবেদন দিয়েছে, যেখানে অন্তর্বর্তী সরকারের সময় দুর্নীতির বিষয়টি উঠে এসেছে বলে তিনি উল্লেখ করেন। তবে তিনি দাবি করেন, এসব তথ্য শুধু তার বক্তব্য নয়, গণমাধ্যমেও এসেছে।
তিনি বলেন, একটি অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে নির্বাচন আয়োজন করতে হয়েছে। জাতীয় স্বার্থ ও নির্বাচনকে সামনে রেখে জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে বলেও জানান তিনি।



















