ডিআইজিসহ পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি-পদায়ন

- সংবাদ প্রকাশের সময় : ১০:৫০:৪১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলাদেশ পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন ২১ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন করা হয়েছে।
রোববার (২৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. মুশফেকুর রহমানকে পদোন্নতি দিয়ে একই অধিদপ্তরে অতিরিক্ত আইজি হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে এনএসআইয়ের পরিচালক (ডিআইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনকে পদোন্নতি দিয়ে সিআইডির প্রধান (অতিরিক্ত আইজি) করা হয়েছে।
এ ছাড়া চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামানকে পুলিশ টেলিকমের অতিরিক্ত আইজি এবং র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) ফারুক আহমেদকে ঢাকা হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি হিসেবে বদলি করা হয়েছে।
বদলির তালিকায় আরও রয়েছেন এপিবিএনের ডিআইজি প্রলয় চিসিম, সিআইডির ডিআইজি মিয়া মাসুদ করিম, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ওসমান গণি, ঢাকা এসবির ডিআইজি এ কে এম মোশাররফ হোসেন মিয়াজীসহ আরও কয়েকজন কর্মকর্তা।
প্রজ্ঞাপনে ময়মনসিংহের মুক্তাগাছার ২য় এপিবিএনের অধিনায়ক মো. কুতুব উদ্দিনকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি করা হয়েছে। পাশাপাশি রাজশাহী আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আল মামুনকে ২য় এপিবিএনের অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি সরকার মোহাম্মদ কায়সার, এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খান, নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. আব্দুল ওয়ারীশসহ কয়েকজন কর্মকর্তাকে বিভিন্ন পদে বদলি ও পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের এসব কর্মকর্তাকে তাদের নামের পাশে উল্লেখিত পদ ও কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।




















