সংসদ ভবনে শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজ

- সংবাদ প্রকাশের সময় : ০৫:২৩:০৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬ ১২ বার পড়া হয়েছে
জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজ করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।
রোববার (২৮ জুন) জাতীয় সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় প্রধানমন্ত্রীর আয়োজনে এ মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়।
এতে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের ২৯ জন শিক্ষার্থী, গণসাক্ষরতা অভিযানের সহযোগী সংস্থা ‘সুরভী’র মাধ্যমে আসা সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও শিক্ষকসহ ২১ জন এবং তেজগাঁও কলেজ ডিবেটিং সোসাইটির শিক্ষার্থী ও শিক্ষকসহ ১৬ জন অংশ নেন।
মধ্যাহ্নভোজের সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের পড়াশোনা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন।
তিনি বলেন, শুধু পড়াশোনাই নয়, শিক্ষার্থীদের খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডেও গুরুত্ব দিতে হবে। নিজেদের দক্ষ, যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ উল্লেখ করে তিনি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর সঙ্গে এমন আয়োজনে অংশ নেওয়ার সুযোগ পেয়ে শিক্ষার্থী ও শিক্ষকরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এর আগে সংসদ ভবন পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা সংসদ সচিবালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা নেন, সংসদ লাইব্রেরি পরিদর্শন করেন, উত্তর প্লাজায় ফটোসেশন করেন এবং সংসদ অধিবেশন কক্ষে সংসদের কার্যক্রম প্রত্যক্ষ করেন।



















