দুই বিদ্যুৎকেন্দ্র বন্ধ, ৩ হাজার মেগাওয়াট ঘাটতি: দেশজুড়ে লোডশেডিংয়ের শঙ্কা
- সংবাদ প্রকাশের সময় : ১২:০১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬ ৮ বার পড়া হয়েছে
কারিগরি ত্রুটি ও প্রতিকূল আবহাওয়ার কারণে দেশের দুটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন আকস্মিকভাবে বন্ধ হয়ে গেছে। এতে জাতীয় গ্রিড থেকে প্রায় ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ কমে যাওয়ায় রাজধানীসহ সারা দেশে নতুন করে লোডশেডিংয়ের আশঙ্কা তৈরি হয়েছে।
রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এ তথ্য জানান। তবে কোন দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়েছে, তা তিনি প্রকাশ করেননি।
মন্ত্রী জানান, দুটি কেন্দ্র বন্ধ হওয়ার পেছনে আলাদা কারণ রয়েছে। একটি কেন্দ্রের বয়লারের টিউবে হঠাৎ লিক ধরা পড়ায় নিরাপত্তার স্বার্থে উৎপাদন বন্ধ করা হয়েছে।
অন্যদিকে বঙ্গোপসাগর উত্তাল থাকায় লাইটার জাহাজ থেকে কয়লা খালাস করা সম্ভব হয়নি। ফলে জ্বালানি সংকটে আরেকটি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে গেছে।
মন্ত্রী বলেন, দুটি কেন্দ্র একসঙ্গে বন্ধ হওয়ায় জাতীয় গ্রিডে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। পরিস্থিতিকে ‘জাতীয় সংকট’ উল্লেখ করে তিনি বলেন, সবাইকে একসঙ্গে কাজ করে এ সংকট মোকাবিলা করতে হবে।
তিনি আরও জানান, বন্ধ বিদ্যুৎকেন্দ্রগুলোর মেরামতের কাজ দ্রুতগতিতে চলছে এবং সমুদ্রের আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আগামী দুই দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হলে দেশজুড়ে লোডশেডিংয়ের চাপ কমতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিদ্যুৎ সংকট মোকাবিলায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গেও আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী।

















