অবসর সুবিধা বোর্ডে ঝুলে আছে ৬৭ হাজার আবেদন, প্রয়োজন ৮৭১০ কোটি টাকা

- সংবাদ প্রকাশের সময় : ০২:৪০:০৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা বোর্ডে প্রায় ৬৭ হাজার আবেদন দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক।
রোববার (২৮ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য আবদুল ওয়ারেছের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডে প্রায় ৬৭ হাজার আবেদন জমে আছে। একজন শিক্ষক-কর্মচারী গড়ে প্রায় ১৩ লাখ টাকা করে অবসর ভাতা পান। এসব আবেদন নিষ্পত্তি করতে প্রয়োজন প্রায় ৮ হাজার ৭১০ কোটি টাকা।
তিনি জানান, অবসর তহবিলে বর্তমানে রয়েছে প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা। ফলে ঘাটতি রয়েছে প্রায় ৭ হাজার ৪১০ কোটি টাকা।
এদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টেও প্রায় ৪৫ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। এসব আবেদন নিষ্পত্তিতে প্রয়োজন প্রায় ৩ হাজার ১৫০ কোটি টাকা।
শিক্ষামন্ত্রী বলেন, অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের আর্থিক সংকট সমাধানে সরকার প্রয়োজনীয় অর্থ বরাদ্দের উদ্যোগ নিয়েছে।
তিনি আরও জানান, আবেদন নিষ্পত্তির গতি বাড়াতে সফটওয়্যার পুনরায় চালু, জনবল বৃদ্ধি, অনলাইন কার্যক্রম সম্প্রসারণ এবং আইবাস প্লাস প্লাসের মাধ্যমে সরাসরি শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে অর্থ পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।



















