ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড

- সংবাদ প্রকাশের সময় : ০২:২৮:৩০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬ ১০ বার পড়া হয়েছে
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি ও দুজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিন পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
একই মামলায় রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে ২০ বছরের কারাদণ্ড এবং সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২৮ জুন) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অন্য সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—
- ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান
- খিলগাঁও জোনের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম
- রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান
মামলার অপর আসামিদের মধ্যে এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে ২০ বছরের কারাদণ্ড এবং এসআই তারিকুল ইসলাম ভূঁইয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার সকাল ১১টা ৪৮ মিনিটে ট্রাইব্যুনালে রায় পড়া শুরু হয়। পরে অনুমতি নিয়ে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় রামপুরার বনশ্রী-মেরাদিয়া এলাকায় পুলিশের গুলি থেকে বাঁচতে নির্মাণাধীন ভবনে আশ্রয় নেন আমির হোসেন। পুলিশ সেখানে গিয়ে তাকে ধাওয়া করে।
একপর্যায়ে ভবনের ছাদের কার্নিশের রড ধরে ঝুলে থাকা অবস্থায় তার ওপর গুলি চালানো হয় বলে অভিযোগ করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। একই দিন বনশ্রী এলাকায় পুলিশের গুলিতে নাদিম ও মায়া ইসলাম নিহত হন।
মামলার চার আসামি বর্তমানে পলাতক রয়েছেন। গ্রেপ্তার একমাত্র আসামি এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে এদিন আদালতে হাজির করা হয়।

















