ঢাকার দুই সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ ও নাসীরুদ্দীন

- সংবাদ প্রকাশের সময় : ০৮:২৭:১৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) নাসীরুদ্দীন পাটওয়ারীকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ঢাকার দুই সিটির মেয়র প্রার্থী হিসেবে তাঁদের নাম ঘোষণা করেন।
কাউন্সিলর প্রার্থী নিয়েও চলছে প্রস্তুতি
এদিকে একই দিন ঢাকার দুই মহানগরের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে সমন্বয় সভা করেছে এনসিপি। সভায় দলীয় নেতাকর্মীদের নির্বাচনী প্রস্তুতি ও মাঠপর্যায়ের কার্যক্রম নিয়ে দিকনির্দেশনা দেন নাহিদ ইসলাম।
সভায় সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী অন্বেষণ, ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যা চিহ্নিতকরণ এবং সেগুলো নিয়ে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া জুলাই শহিদ ও আহতদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার পাশাপাশি ‘পতিত ও পলাতক আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতার’ বিষয়ে কঠোর নজরদারি রাখার নির্দেশনাও দেন এনসিপির আহ্বায়ক।
ঢাকার দুই সিটি নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে রাজধানীর নির্বাচনী মাঠে আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান জানান দিল দলটি।























