ভ্যাটের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার

- সংবাদ প্রকাশের সময় : ০৭:১৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
নতুন অর্থবছরে মুদি দোকান, বিউটি পার্লার, রেস্তোরাঁসহ ১৬ ধরনের ব্যবসায়িক খাতকে ভ্যাটের আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। এসব খাতে সুনির্দিষ্ট কর পদ্ধতিতে ভ্যাট আদায়ের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার (২৪ জুন) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান।
নতুন প্রতিষ্ঠান বা ব্যবসায়িক উৎসকে ভ্যাটের আওতায় আনার পরিকল্পনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ২০২৬-২৭ অর্থবছরে বেশ কিছু খাতকে সুনির্দিষ্ট করের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
পরিকল্পনার তালিকায় রয়েছে—মুদি দোকান, তৈরি পোশাক ও কাপড়ের দোকান, কনফেকশনারি, কসমেটিকসের দোকান, প্লাস্টিক ও সিরামিকের গৃহস্থালি পণ্যের ব্যবসা, জুতার দোকান, হার্ডওয়্যার পণ্যের বিক্রেতা, ডেকোরেটরস, মোবাইল ফোন, এসি, ফ্রিজ, ওভেনসহ ইলেকট্রনিক পণ্যের বিক্রেতারা।
এছাড়া পেইন্ট ও হার্ডওয়্যার, স্যানিটারি ও ফিটিংস, টাইলস, ঢেউটিন, রড-সিমেন্ট, ফার্নিচার, বিউটি পার্লার, মিষ্টান্ন ভাণ্ডার ও রেস্তোরাঁ খাতও নতুন ভ্যাট কাঠামোর আওতায় আসবে।
অর্থমন্ত্রী গত ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব সংসদে উপস্থাপন করেন। প্রস্তাবিত অর্থবিলে খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে ভ্যাট আদায়ে নির্দিষ্ট পরিমাণ কর আরোপের বিধান রাখা হয়েছে। তবে করের পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি।
এছাড়া খুচরা বিক্রেতাদের কাছে পণ্য সরবরাহের সময় প্রতি হাজার টাকায় ২ টাকা হারে কর কর্তনের বিধানও বাজেট প্রস্তাবে রাখা হয়েছে।




















