বংশালে পাওয়ার টুলসের দোকানে আগুন, দগ্ধ ৩ বিক্রয়কর্মী
- সংবাদ প্রকাশের সময় : ০৪:১৩:১১ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
রাজধানীর বংশাল থানার টেকেরহাট লেনের একটি পাওয়ার টুলসের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন বিক্রয়কর্মী দগ্ধ হয়েছেন। সোমবার (১ জুন) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন মিরাজ (২৫), ইফাত (২০) ও রকি (২৬)। আহত অবস্থায় তাদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
দোকানের ম্যানেজার রাফিন জানান, দোকানের ভেতরে বিদ্যুতের সুইচ চালু করার সময় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এতে তিন কর্মচারী দগ্ধ হন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, রকির শরীরের ২৩ শতাংশ, ইফাতের ২৫ শতাংশ এবং মিরাজের শরীরের ২ শতাংশ অংশ দগ্ধ হয়েছে।
তিনি বলেন, আহতদের মধ্যে রকি ও ইফাতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিরাজকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তার অবস্থাও চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক সংযোগ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


























