আদাবর থানার ওসি-এসআইকে কুপিয়ে জখম
- সংবাদ প্রকাশের সময় : ০৯:০৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ১২ বার পড়া হয়েছে
রাজধানীর আদাবরে ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম ও উপ-পরিদর্শক (এসআই) তরুণ। চাপাতির আঘাতে তারা আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনে একটি সন্দেহভাজন ছিনতাইকারী চক্রের আস্তানায় অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় সশস্ত্র দুর্বৃত্তরা পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছুড়লে দুই সন্দেহভাজন আহত হয়।
আদাবর থানার ওসি মো. জাহিদুল ইসলাম জানান, সকালে এলাকায় একটি ছিনতাইয়ের ঘটনার সূত্র ধরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ছিনতাইকারীদের চাপাতির আঘাতে তিনি ও এসআই তরুণ আহত হন।
পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে। তাদের মধ্যে গুলিবিদ্ধ রুবেল ও আমির ছাড়াও কাশেম ও জয় নামে আরও দুজন রয়েছেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং অভিযান-পরবর্তী তল্লাশি কার্যক্রম চলছে।
এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আদাবরের ৭ নম্বর সড়কে একটি বিকাশ এজেন্টের দোকানে হামলা চালিয়ে নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। ভুক্তভোগীর স্বজনদের দাবি, দোকান খোলার কিছুক্ষণের মধ্যেই ৪-৫ জন সশস্ত্র ব্যক্তি দোকানে ঢুকে হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নগদ প্রায় তিন লাখ টাকা ও ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ‘কবজি কাটা’ নামে পরিচিত একটি কিশোর গ্যাং দীর্ঘদিন ধরে আদাবর, শ্যামলী, মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় ছিনতাই, চাঁদাবাজি এবং দখলবাজির সঙ্গে জড়িত। সাম্প্রতিক এ ঘটনায় ওই চক্রের সদস্যদের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



























