সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে উচ্চপর্যায়ের সভা, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী

- সংবাদ প্রকাশের সময় : ০৪:০৩:০০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ৯ বার পড়া হয়েছে
জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রতিস্থাপনের উদ্যোগ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে উচ্চপর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ)।
সভায় জাতীয় সংসদে ব্যবহৃত বিদ্যমান সাউন্ড সিস্টেমের পরিবর্তে আধুনিক প্রযুক্তিনির্ভর নতুন ব্যবস্থা স্থাপনের বিভিন্ন দিক উপস্থাপন করা হয়। বিশ্বের বিভিন্ন উন্নতমানের সাউন্ড সিস্টেমের প্রযুক্তিগত বৈশিষ্ট্য, কার্যকারিতা এবং সংসদের কার্যক্রমের সঙ্গে সেগুলোর সামঞ্জস্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় গণপূর্ত অধিদপ্তর সম্ভাব্য প্রযুক্তিগত বিকল্প, কারিগরি সক্ষমতা এবং বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরে। নতুন সাউন্ড সিস্টেম স্থাপনের ক্ষেত্রে প্রয়োজনীয় প্রযুক্তি, কার্যকারিতা এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সভায় অংশগ্রহণকারীরা মতামত ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
সভায় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




















