সেমিফাইনালে মেসিরা, বুধবার রাতে ইংল্যান্ডের বিরুদ্ধে মহারণ

- সংবাদ প্রকাশের সময় : ১২:৩৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ১২ বার পড়া হয়েছে
লড়াইটা সহজ ছিল না। নির্ধারিত সময়ে ১-১ সমতার পর অতিরিক্ত সময়ে জোড়া গোল করে সুইজারল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। এবার শেষ চারে লিওনেল মেসিদের প্রতিপক্ষ ইংল্যান্ড।
ম্যাচের শুরু থেকেই সুইজারল্যান্ড আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা পায়নি। অন্যদিকে ১০ মিনিটে লিওনেল মেসির নেওয়া কর্নার থেকে হেডে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।
গোল হজমের পরও বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল সুইসরা। জাকা, ড্যান এনদোয়ে ও ব্রিল এমবোলো একাধিক সুযোগ তৈরি করলেও শেষ মুহূর্তের ব্যর্থতায় সমতায় ফিরতে পারেননি প্রথমার্ধে।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় সুইজারল্যান্ড। ৬৭ মিনিটে রিকার্ডো রদ্রিগেজের সঙ্গে দারুণ ওয়ান-টু পাস খেলে গোল করে সমতা ফেরান ড্যান এনদোয়ে।
তবে পাঁচ মিনিট পর বড় ধাক্কা খায় সুইসরা। ব্রিল এমবোলো ডাইভ দিয়ে ফাউল আদায়ের চেষ্টা করলে ভিএআর পর্যালোচনার পর দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে তাকে মাঠ থেকে বহিষ্কার করেন রেফারি। ১০ জনের দলে পরিণত হওয়ার পরও দৃঢ় রক্ষণে আর্জেন্টিনাকে দীর্ঘ সময় আটকে রাখে সুইজারল্যান্ড।
নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ১১২ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে আর্জেন্টিনাকে আবারও এগিয়ে দেন হুলিয়ান আলভারেজ। যোগ করা সময়ে লাউতারো মার্তিনেজ আরও একটি গোল করে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন।
জয় পেলেও আর্জেন্টিনার পারফরম্যান্স খুব একটা স্বস্তিদায়ক ছিল না। পুরো ম্যাচে সুইজারল্যান্ড বলের দখল, গতি ও আক্রমণে সমানতালে লড়াই করেছে। বিশেষ করে একজন কম নিয়ে খেলার পরও তারা দীর্ঘ সময় আর্জেন্টিনাকে চাপে রেখেছিল।
বিশ্লেষকদের মতে, সেমিফাইনালে ইংল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলতে হলে লিওনেল স্কালোনির দলকে রক্ষণে আরও দৃঢ় হতে হবে এবং মেসিনির্ভরতা কমিয়ে সমন্বিত ফুটবল খেলতে হবে।
এবার বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার সামনে ইংল্যান্ডের কঠিন পরীক্ষা। বুধবার রাতের সেই মহারণে জয়ী দলই পা রাখবে ফাইনালে।
























