দাবি কুমিল্লা জেলা পরিষদ প্রশাসকের
রাজস্ব তহবিল থেকে ২৫ কোটি টাকা নিয়েছেন আসিফ-হাসনাত
- সংবাদ প্রকাশের সময় : ০৯:১৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া দাবি করেছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে ১৫ কোটি টাকা নিয়েছেন। একইভাবে এনসিপি নেতা ও বর্তমান সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ১০ কোটি টাকা নিয়েছেন বলেও তিনি অভিযোগ করেন।
শনিবার (৩০ মে) দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি ও মহানগর বিএনপির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে মো. মোস্তাক মিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বর্তমানে জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালনের পাশাপাশি বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্বে রয়েছেন।
বক্তব্যে তিনি বলেন, “আমার জেলা পরিষদের নিজস্ব রাজস্ব তহবিল থেকে মুরাদনগরের আসিফ মাহমুদ ১৫ কোটি টাকা নিয়ে গেছেন। আর হাসনাত আবদুল্লাহ নিয়েছেন ১০ কোটি টাকা। তারা বৈষম্যবিরোধী ও সমন্বয়ের রাজনীতির কথা বললেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি।”
তিনি আরও বলেন, “বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছেন এবং দেশের উন্নয়নে নেতৃত্ব দিচ্ছেন।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা (টিপু)। সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম।
এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
























