সাংবাদিকদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ আদ্-দ্বীন হাসপাতালের
- সংবাদ প্রকাশের সময় : ১২:০৫:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে। শুক্রবার (৩০ মে) এক বিবৃতিতে হাসপাতাল কর্তৃপক্ষ এ দুঃখ প্রকাশ করে।
বিবৃতিতে বলা হয়, গত ২৭ মে হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, পুলিশ, র্যাবসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা হাসপাতাল পরিদর্শন করেন। একই সঙ্গে সরকার একটি তদন্ত কমিটি গঠন করেছে। এ ঘটনার পর থেকে বিভিন্ন কর্তৃপক্ষের নিয়মিত পরিদর্শন এবং বিপুল সংখ্যক গণমাধ্যমকর্মীর উপস্থিতির কারণে হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য সেবাদানকারী কর্মীরা মানসিক চাপে ছিলেন। এতে চিকিৎসাসেবা গ্রহণে আসা রোগী ও স্বজনদেরও কিছুটা ভোগান্তির মুখে পড়তে হয়েছে বলে দাবি করা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শুক্রবার স্বাস্থ্য উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিদর্শন শেষে বিপুল সংখ্যক সাংবাদিক হাসপাতালের ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের স্বার্থ বিবেচনায় সাংবাদিকদের প্রবেশ সীমিত করার চেষ্টা করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, একপর্যায়ে হাসপাতালের কিছু কর্মী ও সাংবাদিকদের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। হাসপাতালের দাবি, কথোপকথনের সময় একজন সাংবাদিক পরিচ্ছন্নতাকর্মীদের ‘ঝাড়ুদার’ বলে সম্বোধন করলে তারা অপমানিত বোধ করেন এবং উত্তেজিত হয়ে ওঠেন। পরে হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানটি সবসময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রেখে কাজ করে এসেছে। তারপরও ৩০ মে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
বিবৃতিতে বলা হয়, “ঘটনাক্রমে হাসপাতালের কোনো কর্মীর অনিচ্ছাকৃত আচরণে গণমাধ্যমকর্মীরা কষ্ট পেয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানাচ্ছি।”
উল্লেখ্য, নবজাতকদের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি আদ্-দ্বীন হাসপাতালকে ঘিরে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। বিষয়টি তদন্তে সরকারের গঠিত কমিটি কাজ করছে।
























