বৃষ্টির আভাস থাকলেও কমছে না গরম, বাড়ছে জনদুর্ভোগ
- সংবাদ প্রকাশের সময় : ০৬:২৬:২২ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস থাকলেও পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাবে গরমের তীব্রতা কমছে না। উল্টো দিনভর তপ্ত রোদ ও ভ্যাপসা আবহাওয়ায় রাজধানীসহ দেশের অধিকাংশ এলাকার মানুষ চরম অস্বস্তিতে দিন কাটাচ্ছেন।
শনিবার (৩০ মে) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আকাশে মেঘের উপস্থিতি কম থাকায় দিনের বেশিরভাগ সময় সূর্যের তাপ সরাসরি অনুভূত হচ্ছে, যা গরমের মাত্রা আরও বাড়িয়ে তুলছে।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল রোববার (৩১ মে) সকাল ৯টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
তবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের বেশিরভাগ এলাকায় তা উল্লেখযোগ্য মাত্রায় না হওয়ায় তাপমাত্রা ও গরমজনিত অস্বস্তি অব্যাহত থাকতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
এদিকে আবহাওয়া অফিসের আরেকটি বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে, শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের কোনো অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা নেই। ফলে আপাতত বড় ধরনের বৈরী আবহাওয়ার শঙ্কা না থাকলেও গরম থেকে স্বস্তি পেতে আরও কার্যকর বৃষ্টির অপেক্ষায় থাকতে হবে সাধারণ মানুষকে।





















