হাসপাতালের ভেতরেই বিস্কুট কারখানা, প্রশ্নের মুখে আদ-দ্বীন
- সংবাদ প্রকাশের সময় : ০৬:০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার তদন্ত চলাকালে হাসপাতালের নিচতলায় একটি বিস্কুট কারখানার অস্তিত্ব পাওয়া গেছে। বিষয়টি দেখে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শনিবার (৩০ মে) হাসপাতালটি পরিদর্শনে গিয়ে তিনি এই কারখানার সন্ধান পান। পরিদর্শনকালে হাসপাতালের পরিবেশ, অবকাঠামো ও নবজাতক ওয়ার্ডের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন মন্ত্রী।
এ সময় হাসপাতালের নিচতলায় খাদ্যপণ্য উৎপাদনের একটি কারখানা পরিচালিত হওয়ার বিষয়টি নজরে এলে তিনি অসন্তোষ প্রকাশ করেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, একটি চিকিৎসা প্রতিষ্ঠানের ভেতরে এ ধরনের কার্যক্রম কতটা যৌক্তিক, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত বুধবার (২৭ মে) ভোরে আদ-দ্বীন হাসপাতালের মাতৃত্ব ও নবজাতক ইউনিটে ছয় নবজাতকের মৃত্যু ঘটে। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে স্বাস্থ্য অধিদপ্তর একটি তদন্ত কমিটি গঠন করে। প্রাথমিক তদন্তে পোস্ট-ডেলিভারি ওয়ার্ডের পরিবেশ ও ভেন্টিলেশন ব্যবস্থায় ত্রুটির তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নবজাতকদের মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
























