আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
- সংবাদ প্রকাশের সময় : ১০:০১:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক ও ক্যামেরাপারসনরা। হাসপাতালটির কর্মীদের বিরুদ্ধে এ হামলার অভিযোগ উঠেছে। ঘটনায় কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন এবং একটি টেলিভিশন চ্যানেলের ক্যামেরা ভাঙচুর করা হয়েছে।
শনিবার (৩০ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে হাসপাতালের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। পরে ১ নম্বর গেটের সামনে লাঠিসোটা নিয়ে অবস্থান নেন নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মীরা।
এ সময় পেশাগত দায়িত্ব পালন করতে হাসপাতালে প্রবেশের চেষ্টা করলে সাংবাদিকদের বাধা দেওয়া হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে হাসপাতালের কর্মীরা সাংবাদিকদের ধাওয়া করেন এবং লাঠিসোঁটা নিয়ে হামলা চালান বলে অভিযোগ ওঠে।
হামলায় টাইমস অব বাংলাদেশের স্টাফ রিপোর্টার কাজী জাহিদ ও দীপ্ত টিভির এক ক্যামেরাপারসন আহত হন। এছাড়া বৈশাখী টেলিভিশনের একটি ক্যামেরা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী সাংবাদিকদের দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতেই হাসপাতালের কর্মীরা তাদের ওপর চড়াও হন। তাদের দিকে বিভিন্ন শক্ত বস্তু নিক্ষেপ করা হয়, ফলে একাধিক গণমাধ্যমকর্মী আহত হন।
সাংবাদিক দ্বীন মোহাম্মদ সাব্বির বলেন, নবজাতকের মৃত্যুর ঘটনার অনুসন্ধানী সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকদের ওপর হাসপাতাল কর্তৃপক্ষ কর্মচারীদের লেলিয়ে দিয়েছে। এত বড় ঘটনার পরও এমন আচরণ দুঃখজনক।
তবে অভিযোগের বিষয়ে আদ্-দ্বীন হাসপাতালের মহাপরিচালক নাহিদা ইয়াসমিন বলেন, স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের নিচতলার বেকারি সিলগালা করে দিয়েছেন। এ অবস্থায় কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া সম্ভব নয়। তিনি দাবি করেন, হাসপাতালে এখনও শতাধিক রোগী চিকিৎসাধীন রয়েছেন এবং অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলা রোগীদের মধ্যে আতঙ্ক তৈরি করতে পারে।
উল্লেখ্য, গত ২৭ মে হাসপাতালটির পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় তদন্তে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।





















