২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, ধর্ষকের মৃত্যুদণ্ড
- সংবাদ প্রকাশের সময় : ১০:০৯:১১ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬ ৭ বার পড়া হয়েছে
মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামে ৯ বছর বয়সী শিশু ধর্ষণের অপরাধে শাকিল হোসেন নামের এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (২৪ মে) দুপুরে মেহেরপুর শিশু সহিংসতা দমন ট্রাইবুনালের বিচারক তাজুল ইসলাম এই দণ্ড ঘোষণা করেন।
চার্জশিট দেওয়ারমাত্র ২৯ কার্যদিবসে মামলাটি নিষ্পত্তি করা হয়েছে। দ্রুত নিষ্পত্তির জন্য দূরের সাক্ষীদের ভার্চুয়াল সাক্ষ্য নেওয়া হয়। মামলায় মোট ১২ জন সাক্ষী তাদের সাক্ষ্য দেন।
মামলার সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৬ জুন সকালে শিশুটির বাবা গ্রামের মাঠে কৃষিকাজ করছিলেন। বাবার জন্য সকালের খাবার নিয়ে মাঠে যাচ্ছিল ওই শিশু। এ সময় মাঠে ঘাস কাটছিল চাঁদপুর গ্রামের শাকিল হোসেন। শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করে শাকিল। শাকিলের হাত থেকে ছাড়া পেয়ে কান্নাকাটি করতে করতে বাবার কাছে পৌঁছায় ওই শিশু। ওইদিনই শিশুটাকে হাসপাতালে ভর্তি এবং গাংনী থানায় শাকিল এর বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে শিশুটির বাবা।
রায় ঘোষণাকালে আসামি শাকিল হোসেন আদালতে উপস্থিত ছিল। আদালতের নির্দেশে তাকে মেহেরপুর ও জেলা কারাগারে প্রেরণ করেছে পুলিশ। পুলিশের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর মাত্র ২৯ কার্য দিবসে রায় ঘোষণা করেন আদালতে। বিচার ব্যবস্থায় যা একটি মাইল ফলক হিসেবে দেখছেন অনেকে। শিশু ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধে দ্রুততম সময়ের মধ্যে রায় প্রদান ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিউকিটর (পি পি) তুহিন অরণ্য। মেহেরপুর বিচারালয়ের ইতিহাসে এই প্রথম ২৯ কার্য দিবসের মধ্যে রায় ঘোষণা বিচার প্রার্থীদের জন্য ইতিবাচক বলে জানান তিনি।























