স্কুল-কলেজে ১৬ দিন, মাদরাসায় টানা ২১ দিনের ঈদ ছুটি
- সংবাদ প্রকাশের সময় : ১২:৫৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবার সরকারি ছুটি ৭ দিন নির্ধারণ করেছে সরকার। বৃহস্পতিবার (৭ মে) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি থাকবে। এ ছাড়া ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটি বাতিল করে সরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারি ছুটির ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ছে কি না—এ নিয়ে আলোচনা শুরু হয়। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের পূর্বনির্ধারিত ছুটির সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।
২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, সাপ্তাহিক ছুটি, গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহা মিলিয়ে স্কুল ও কলেজে টানা ১৬ দিনের ছুটি থাকবে। অন্যদিকে মাদরাসাগুলোতে মিলবে টানা ২১ দিনের ছুটি।
শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদ ছুটি শুরু হবে আগামী ২৪ মে (রোববার) থেকে। ছুটি শেষ হবে ৪ জুন (বৃহস্পতিবার)। ছুটির আগে ও পরে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা টানা ১৬ দিনের অবকাশ পাচ্ছে।
কলেজ পর্যায়ে ঈদুল আজহার মূল ছুটি ১২ দিনের হলেও আগে-পরে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সেখানেও মোট ১৬ দিনের ছুটি কার্যকর হবে।
অন্যদিকে মাদরাসাগুলোতে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহার ছুটি শুরু হবে ২৪ মে থেকে এবং শেষ হবে ১১ জুন। মাঝখানে ও শুরুর আগে সাপ্তাহিক ছুটি থাকায় মাদরাসা শিক্ষার্থীরা টানা ২১ দিনের ছুটি উপভোগ করতে পারবে।


























